দেশে বাড়ছে করোনার আতঙ্ক, বেঙ্গালুরুতে ৯ মাসের শিশু, কেরলে ১৮১ জন

দেশে ফের করোনাভাইরাসের (Corona Virus) দাপটের আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই দেশে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা দুশো ছুঁইছুঁই, এবং সম্প্রতি দেশজুড়ে মোট সাড়ে তিনশো জন কোভিড-১৯ (Covid-19) এ আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে বেঙ্গালুরুতে (Bengaluru) মাত্র ৯ মাসের এক পুত্র শিশুর কোভিড রিপোর্ট পজিটিভ আসায় উদ্বেগ বেড়েছে।

গ্রামীণ বেঙ্গালুরু জেলার হোসকোটে থেকে শিশুটিকে জ্বর, সর্দি সহ শারীরিক অসুস্থতা নিয়ে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। সেখানেই গত বৃহস্পতিবার তার র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়, এবং এরপরই তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। শিশুটিকে এরপর বেঙ্গালুরুর কালসিপাল্যর বাণী বিলাস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শিশুটির জ্বর এলেও তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে।

বর্তমানে কর্ণাটকে মোট ১৬ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। কর্ণাটকের দুই পড়শি রাজ্য কেরল ও তামিলনাড়ুতে কোভিড আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৮২ ও ৬৬ জন, যা সামগ্রিক পরিস্থিতি নিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় কেসের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন করে সতর্কতা অবলম্বন করা জরুরি।