সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট ভারত, জাপান সফর শেষে জোরালো আবেদন, দাবি মমতার

পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যক্রম এবং ভারত-পাকিস্তানের সংঘাতের প্রকৃত চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন ভারতীয় সংসদের সর্বদলীয় প্রতিনিধিরা। জাপান, ইন্দোনেশিয়া ও কোরিয়া সফরে থাকা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ আট সদস্যের প্রতিনিধি দলটি দেশে ফেরার পর এবার সংসদে বিশেষ অধিবেশন ডাকার জন্য কেন্দ্রের কাছে জোরালো আবেদন জানিয়েছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার নিজের ‘এক্স’ হ্যান্ডলে মমতা এই আবেদন জানিয়েছেন। তিনি লিখেছেন, “সাম্প্রতিক পরিস্থিতি এবং সেই সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি ও সর্বদলীয় প্রতিনিধিদের বিদেশ সফর নিয়ে বিস্তারিত দেশবাসীর জানা উচিত। সংসদের বিশেষ অধিবেশনের মাধ্যমে তা সর্বসমক্ষে আনার আবেদন জানাচ্ছি।”
প্রসঙ্গত, এই প্রতিনিধি দলটি জাপানের বিদেশমন্ত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং পরবর্তীতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়েছে। জাপানও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে। মমতার এই দাবি এমন এক সময়ে এল, যখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক মঞ্চে আলোচিত হচ্ছে এবং দেশের নাগরিকদের কাছে সঠিক তথ্য পৌঁছানোর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।