‘হেরা ফেরি থ্রি’ নিয়ে বাড়ছে ধোঁয়াশা, পরেশ রাওয়াল ছাড়া ছবি অসম্ভব, বলছেন সুনীল শেঠি

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি থ্রি’-এর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। এই অচলাবস্থার মাঝেই এবার মুখ খুলেছেন ছবির অন্যতম প্রধান অভিনেতা সুনীল শেঠি। পরেশ রাওয়ালের আচমকা প্রস্থানের খবরে তিনি রীতিমতো বিস্মিত। সুনীল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই ছবি বাবুরাও (পরেশ রাওয়াল) ছাড়া একেবারেই অকল্পনীয়।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে সুনীল শেঠি বলেন, “‘হেরা ফেরি পরেশজি ছাড়া হতে পারে না। একশো ভাগ অসম্ভব! আমার না হয় এক শতাংশ সম্ভাবনা আছে না থাকার, বা অক্ষয় কুমার না থাকলেও হয়তো ১% চলতে পারে… কিন্তু পরেশজি না থাকলে একশো শতাংশ অসম্ভব।”

সুনীল আরও জানান, হেরা ফেরি সিরিজের প্রাণশক্তি আসলে রাজু-শ্যাম-বাবুরাও—এই ত্রয়ীর রসায়ন। আর এই বন্ধন গড়ে উঠেছিল বাবুরাওয়ের হাত ধরেই। তিনি বলেন, “বাবুরাও-ই তো আমাদের দু’জনকে ভাড়া দিয়েছিলেন! সেই থেকেই শুরু। তাকে ছাড়া রাজু-শ্যামের রসায়নই ভেস্তে যাবে।”

পরেশ রাওয়ালের সিনেমা ছেড়ে বেরিয়ে যাওয়ার খবরটি তিনি প্রথম পান তার সন্তান—আথিয়া ও আহান শেঠির কাছ থেকে। তখন তিনি ‘কেরি বীর’ ছবির প্রচারে ব্যস্ত ছিলেন। এই বিষয়ে বলতে গিয়ে সুনীল বলেন, “ওরা দু’জনেই আমাকে একসঙ্গে খবরটা পাঠালো। আর সঙ্গে একটা প্রশ্ন—‘বাবা, এটা কী?’ আমি চমকে উঠেছিলাম।”

বর্তমানে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমারের সঙ্গে কাজ করছেন সুনীল। তাই সহ-অভিনেতার এমন হঠাৎ সরে যাওয়ার সিদ্ধান্তে তিনি ভীষণ বিস্মিত। তার কথায়, “আমি নিজেও হেরা ফেরির তিন নম্বর ছবির জন্য মুখিয়ে ছিলাম। আবার সেই পুরোনো ত্রয়ীকে একসঙ্গে পর্দায় দেখতে চেয়েছিলাম। তার চলে যাওয়ার পিছনে আসলে কী ঘটেছে, সেটা জানার জন্য আমি পরেশজির সঙ্গে যোগাযোগ করব।”

পরিচালক প্রিয়দর্শনের বক্তব্যের সঙ্গেও একমত সুনীল শেঠি। তিনি মনে করছেন, এই জট খুলবে একমাত্র তখনই যখন বাবুরাও অর্থাৎ পরেশ রাওয়াল আবার ফিরে আসবেন। হেরা ফেরি ভক্তদেরও শেষ কথা এটাই—পরেশ বাবু ভাইয়া রাওয়াল না থাকলে ছবিই নয়!