কিশতওয়ারে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের তীব্র সংঘর্ষ! ঘিরে ফেলা হয়েছে ৩-৪ জন জইশ জঙ্গিকে

জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ নির্মূলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরেরে কিশতওয়ার জেলার সিংপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। সূত্র অনুযায়ী, ওই এলাকায় ৩-৪ জন জইশ জঙ্গিকে ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার ভোরে কিশতওয়ার জেলার চাতরু সেক্টরের সিংপোরা এলাকায় এই তীব্র সংঘর্ষ শুরু হয়। সরকারি সূত্রে জানা গেছে, জম্মু ও কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর একটি যৌথ দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ঘেরাও এবং অনুসন্ধান অভিযান শুরু করলে জঙ্গিরা গুলি চালায়। এর পরই শুরু হয় পাল্টা গুলি। এই অভিযানে তিন থেকে চারজন জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, নিরাপত্তা বাহিনী দ্বারা বেষ্টিত এই জঙ্গি গোষ্ঠীটি সম্ভবত সেই একই দল, যারা সম্প্রতি একই এলাকায় সংঘটিত একটি এনকাউন্টার থেকে পালিয়ে এসেছিল। কর্মকর্তারা জানিয়েছেন যে অভিযান এখনও চলছে এবং নিরাপত্তা বাহিনী পুরো এলাকা কঠোরভাবে ঘিরে রেখেছে যাতে কোনো জঙ্গি পালাতে না পারে।
জম্মু ও কাশ্মীরে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার অভিযান জোরদার হয়েছে। সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনী একাধিক সফল অভিযান চালিয়েছে। গত ১৩ মে, শোপিয়ানে তিন লস্কর জঙ্গি নিহত হয়েছিল। এর তিন দিন পর, ১৬ মে ত্রালে জইশ-ই-মোহাম্মদের আরও তিন জঙ্গি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়। এই অভিযানগুলি থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যা জঙ্গিদের শক্তিকে দুর্বল করতে সহায়ক হয়েছে।
এদিকে, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে, আগামী দিনে নিরাপত্তা সংস্থাগুলি নিয়ন্ত্রণ রেখার ওপারে বসে থাকা এবং পুঞ্চ জেলা এবং জম্মু ওশ্মীরে জঙ্গি কার্যকলাপ পরিচালনাকারী জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর আগেও, এই ধরনের জঙ্গি কার্যকলাপ পরিচালনাকারী দুই জঙ্গির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।
গত কয়েক দিনে নিরাপত্তা বাহিনী একাধিক বড় অভিযান চালিয়েছে। একদিন আগে, রাজ্য তদন্ত সংস্থা (SIA) কাশ্মীর উপত্যকায় একটি বড় অভিযান চালিয়ে ১১টি স্লিপার সেলের বাড়িতে তল্লাশি চালায় এবং জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করে। এছাড়া, গত শনিবার জম্মু ও কাশ্মীর পুলিশ ১৩ জন জঙ্গি সহযোগীকে গ্রেপ্তার করে, যা উপত্যকায় জঙ্গি নেটওয়ার্ক ভাঙার ক্ষেত্রে একটি বড় সাফল্য।
কিশতওয়ারের এই সংঘর্ষ চলমান সন্ত্রাস-বিরোধী অভিযানেরই অংশ, যা উপত্যকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর ভারতীয় নিরাপত্তা বাহিনী।