মদ্যপ বাবার অসাবধানতায় প্রাণ গেল ২৮ দিনের শিশুর, মর্মান্তিক ঘটনা তেলেঙ্গানায়

মর্মান্তিক এক ঘটনায় তেলেঙ্গানার নির্মল জেলার খানাপুর শহরের সুভাষ নগর এলাকায় এক ২৮ দিনের সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ, মদ্যপ বাবা অসাবধানতাবশত ঘুমন্ত শিশুর উপর বসে পড়লে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়। ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটেছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম আলাকুন্তা শেখর (২২)। সম্প্রতি তাঁর স্ত্রী সুজাথা এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। সন্তানকে নিয়ে সুজাথা তাঁর বাবার বাড়িতেই ছিলেন। মঙ্গলবার কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পর আলাকুন্তা শেখর সোজা শ্বশুরবাড়িতে যান। তিনি সে সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।

ঘটনার সময় খাটের মধ্যে ঘুমিয়ে ছিলেন সুজাথা, এবং তাঁর পাশেই চাদর চাপা দেওয়া অবস্থায় ঘুমিয়েছিল সদ্যজাত শিশুকন্যা। মদ্যপ আলাকুন্তা শেখর চাদরের নিচে শিশুটি রয়েছে তা খেয়াল না করেই তার উপর বসে পড়েন। এর ফলে শ্বাসরুদ্ধ হয়ে সেখানেই শিশুটির মৃত্যু হয়।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ আলাকুন্তা শেখরকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। মদ্যপ অবস্থায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।