তালতলায় ঘটল শিউরে ওঠার মতো ঘটনা! ভরসন্ধ্যা তরুণীকে হেনস্তা ও ধর্ষণের চেষ্টা

ভরসন্ধ্যায় কলকাতার বুকে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা এবং প্রতিবাদ করায় মারধর ও পোশাক ছিঁড়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ তালতলা থানা এলাকার লেনিন সরণিতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

ঘটনার শিকার তরুণী জানিয়েছেন, তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থায় শিক্ষকতা করেন। গতকাল সন্ধ্যায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক যুবক তাঁকে লক্ষ্য করে অশালীন কটূক্তি করে। তরুণী এর প্রতিবাদ করলে ওই যুবক তাঁকে মারধর করে এবং তাঁর পোশাক ছিঁড়ে দেয় বলে অভিযোগ।

তবে পুলিশের প্রাথমিক দাবি কিছুটা ভিন্ন। তাদের মতে, রাস্তায় যাওয়ার সময় ধাক্কা লাগাকে কেন্দ্র করে বন্ডগোলের সূত্রপাত। ঘটনার সত্যতা যাচাই করতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে। এই ঘটনা শহরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।