হলুদ ট্যাক্সিতে ওগুলো কী? তল্লাশি চালাতেই বেরিয়ে এল……., গ্রেফতার ৪ যুবক

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ কিলোগ্রাম গাঁজা-সহ চার মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পোলেরহাট থানার পুলিশ। বুধবার সকালে ভাঙড়ের হাতিশালায় এই তল্লাশি অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শিয়ালদহ থেকে আসা একটি হলুদ ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃত চারজনের বাড়ি কোচবিহারে। তাদের কাছ থেকে গাঁজা ছাড়াও চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পেছনে কোনো বৃহত্তর মাদকচক্রের হাত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

হাতিশালার এক দোকানদার এই ঘটনা সম্পর্কে বলেন, “সকালে আমি দোকানেই ছিলাম। পুলিশ রাস্তায় গাড়ি চেকিং করছিল। হঠাৎই ওই ট্যাক্সিটাকে আটকায়। গাড়িতে চারজন লোক ছিল, পুলিশ তাদের সবাইকে ধরে নিয়ে যায়।”

পুলিশ ধৃতদের বহনকারী ট্যাক্সির চালককেও জিজ্ঞাসাবাদ করেছে। চালক জানান, “ওই চারজন ছেলে ৭০০ টাকা দিয়ে আমার গাড়ি ভাড়া করেছিল। তাদের হাতে চেন দেওয়া ব্যাগ ছিল। ব্যাগে কী ছিল, আমি সত্যিই জানি না।”

পুলিশ এখন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই মাদক পাচার চক্রের উৎস এবং এর সাথে জড়িত অন্যান্যদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে।