টলিপাড়ার শিল্পীদের কাজে বাধা! অভিযোগে অনির্বাণ ভট্টাচার্য-সহ একাধিক টলিউড অভিনেতা, কী রায় হাইকোর্টের?

টলিপাড়ার অন্দরের দীর্ঘদিনের সমস্যা এবার পৌঁছাল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। চলচ্চিত্রের পরিচালক এবং টেকনিশিয়ানদের সংগঠন ফেডারেশনের মধ্যে চলা মতবিরোধের আবহে পরিচালক ও অভিনেতাদের একাংশের অভিযোগ ছিল যে, তাদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট বার্তা দিয়েছেন যে, টলিপাড়ায় কোনো শিল্পী বা টেকনিশিয়ানকে কাজ করতে বাধা দেওয়া যাবে না।
অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যসহ একাধিক টলিউড অভিনেতা ও পরিচালকের পক্ষ থেকে দায়ের করা মামলার শুনানিতে এদিন বিচারপতি সিনহা বলেন, “কারও জীবিকা, কাজ বা ব্যবসা করতে বাধা দেওয়া যায় না। যদি কেউ সমস্যায় পড়েন, তাহলে স্থানীয় পুলিশের সাহায্য নিতে হবে। রাজ্য এ নিয়ে চুপ করে বসে থাকতে পারে না।” তিনি আরও নির্দেশ দেন যে, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিবকে বিষয়টি নিশ্চিত করতে হবে। তার পরেও যদি সমাধান না মেলে বা কোনো সমস্যা তৈরি হয়, তবে পরিচালকেরা স্থানীয় পুলিশের সাহায্য নিতে পারবেন।
অন্যদিকে, এই মামলায় অভিযুক্ত ফেডারেশনের পক্ষ থেকে এদিন আদালতে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার (DAEI) সম্পাদক সুদেষ্ণা রায় জানিয়েছেন, এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী ১৬ জুন। ওই দিন একযোগে ১৫ জন পরিচালকের মামলার চূড়ান্ত ফয়সালা হতে পারে বলে আশা করা হচ্ছে। হাইকোর্টের এই নির্দেশ টলিপাড়ার কাজে গতি আনবে বলে আশা করা হচ্ছে।