টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত সানরাইজার্স-এর, প্লে অফ এ যেতে পারবেন পন্থ?

আইপিএল ২০২৫-এর আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সন্ধ্যায় মুখোমুখি হয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হচ্ছে লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম।

যদিও সানরাইজার্স হায়দ্রাবাদ প্লে-অফের লড়াই থেকে ইতিমধ্যে ছিটকে গেছে, তবুও তারা নিজেদের সম্মান রক্ষার্থে এই ম্যাচে জয় চাইবে। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের জন্য প্লে-অফের আশা এখনও কিছুটা টিকে রয়েছে, তাই এই ম্যাচে জয় তাদের জন্য অত্যন্ত জরুরি। স্বাভাবিকভাবেই এই ‘ডু অর ডাই’ ম্যাচে এলএসজি নিজেদের সেরাটা দিতে চাইবে।

এই গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে।

ম্যাচে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে দুই দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের দিকে। লখনউয়ের অধিনায়ক তথা দলের অন্যতম মূল্যবান ক্রিকেটার ঋষভ পন্থের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে দল। এছাড়া মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান এবং রবি বিষ্ণোইও উল্লেখযোগ্য খেলোয়াড়। অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে হেনরিক ক্লাসেন, কামিন্দু মেন্ডিস, অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, অধিনায়ক প্যাট কামিন্স এবং মহম্মদ শামির পারফরম্যান্সের উপর ম্যাচের ভাগ্য নির্ভর করবে।

দুই দলের প্রথম একাদশ (প্লেয়িং ইলেভেন):

লখনউ সুপার জায়ান্টস: এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটকিপার), আয়ূষ বাদোনি, আবদুল সামাদ, আকাশ দীপ, আবেশ খান, দিগবেশ সিং রাঠি, রবি বিষ্ণোই, উইলিয়াম ও রৌরকে।

ইমপ্যাক্ট সাব বিকল্প: হিম্মত সিং, শাহবাজ আহমেদ, এম সিদ্ধার্থ, শার্দুল ঠাকুর, ডেভিড মিলার।

সানরাইজার্স হায়দ্রাবাদ: অভিষেক শর্মা, ঈশান কিষাণ, হেনরিক ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, হর্ষ দুবে, জীশান আনসারি, ঈশান মালিঙ্গা।