AI -র যুগেও এই তিন ধরনের মানুষের চাকরি খাবে না AI, মন্তব্য বিল গেটসের

আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি আলোচিত বিষয় সম্ভবত আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। এআই-কে আরও উন্নত ও দ্রুত করার গবেষণায় বিশ্বের বড় বড় শিল্পপতিরা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছেন। অনেকেই মনে করছেন, এআই-এর দৌড়ে যারা জিতবে, তারাই ভবিষ্যতে দুনিয়া নিয়ন্ত্রণ করবে। এআই আসার ফলে ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে মানুষ চাকরি হারাচ্ছেন; তথ্য প্রযুক্তি থেকে শুরু করে মিডিয়া – সর্বত্রই মানুষের কাজের জায়গা দখল করে নিচ্ছে এআই।

তবে মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস এই পরিস্থিতি নিয়ে ভিন্নমত পোষণ করেছেন। তিনি বলছেন, এআই যাই পারুক না কেন, অন্তত তিনটি নির্দিষ্ট ক্ষেত্রে এখনই মানুষের চাকরি বা কাজ কেড়ে নিতে পারবে না। বিল গেটসের মতে, এআই-এর দাপটের যুগেও এই তিন ধরনের মানুষের চাকরির সুরক্ষা রয়েছে। তারা হলেন: জীববিজ্ঞানী (Biologists), শক্তি বিশেষজ্ঞ (Energy Experts) এবং প্রোগ্রামার (Programmers)।

জীববিজ্ঞানীদের প্রসঙ্গে গেটস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো অনুমান থেকে নতুন হাইপোথিসিস তৈরি করতে পারে না বা অপ্রত্যাশিত ফলাফলের গভীরে যেতে পারে না। আবিষ্কারের জন্য সহজাত প্রবৃত্তি বা intuition প্রয়োজন, শুধু ডেটা যথেষ্ট নয়। এই কারণে জীববিজ্ঞানীজের কাজ হারানোর ভয় নেই।

এরপর গেটস বলেন, শক্তি বিশেষজ্ঞরা এখনও প্রাসঙ্গিক রয়েছেন। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বিদ্যুৎ বিভ্রাট, শক্তির ওঠানামা, নতুন জ্বালানির প্রয়োজনীয়তা বা পরিবর্তিত জলবায়ুর মতো প্রতিনিয়ত পরিবর্তনশীল সমস্যাগুলির সমাধান তাদের করতে হয়। বর্তমান এআই বাস্তব ক্ষেত্রে এত দ্রুত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না।

প্রোগ্রামারদের ভবিষ্যৎ নিয়ে বিল গেটস বলেন, এআই আপাতত কেবল কাজ চালানোর মতো সাধারণ কোড লিখতে পারে। যতক্ষণ না এআই নিজের সম্পর্কে নিখুঁত ও ত্রুটিহীন কোড লিখতে শিখছে, ততক্ষণ প্রোগ্রামাররাই সবকিছুর নিয়ন্ত্রণ করবে।

সবশেষে বিল গেটস ক্রীড়াবিদদের বিষয়টিও উল্লেখ করেন। তার মতে, ক্রীড়াবিদরাও এখন নিরাপদে থাকতে পারেন। কারণ, কেউই সম্ভবত রোবটের ক্রিকেট বা ফুটবল খেলা দেখতে টাকা খরচ করবে না। মানুষ সবসময় মানুষের খেলা দেখেই আনন্দ পায় এবং আগ্রহ অনুভব করে।