ক্যানসারে আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন, পাশে থাকার বার্তা দেশবাসীর উদ্দেশ্যে

আমেরিকার রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ খবর: প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর কার্যালয় থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে তিনি প্রোস্টেট ক্যানসারে ভুগছেন এবং তার শরীরের অবস্থা বেশ কঠিন। রবিবার রাতে বাইডেনের অফিস থেকে এই তথ্য প্রকাশের পর সোমবার নিজেই ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাইডেন।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “আপনাদের অনেকের মতোই আমিও ক্যানসারের গ্রাসে পড়েছি। এই কঠিন পরিস্থিতি আমাদের শিখিয়েছে আমি এবং জিল, আমরা দু’জন কতটা দৃঢ় এবং শক্তিশালী। আপনাদের ভালোবাসা এবং পাশে থাকার জন্য ধন্যবাদ।”

বাইডেনের কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, “গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যা বাড়ার কারণে প্রেসিডেন্ট বাইডেনের প্রোস্টেট গ্রন্থিতে একটি নতুন সমস্যা ধরা পড়ে। শুক্রবার তাঁর প্রোস্টেট ক্যানসার নির্ণয় করা হয়, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)। ক্যানসারটি ইতিমধ্যেই হাড়ে ছড়িয়ে পড়েছে। তবে এর চিকিৎসা সম্ভব।”

বাইডেনের অসুস্থতার খবর শুনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আমি ও মেলানিয়া জো বাইডেনের খবর শুনে গভীরভাবে মর্মাহত। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করি।” একইভাবে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তাঁর স্বামী ডগলাস এমহফও বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন। তারা বলেছেন, “ডগ এবং আমি প্রেসিডেন্ট বাইডেনের প্রোস্টেট ক্যানসারের খবর শুনে গভীরভাবে মর্মাহত। আমরা বাইডেন পরিবার এবং ড. জিল বাইডেনের কথা ভেবে প্রার্থনা করছি।”

জানা গিয়েছে, গত সপ্তাহ থেকেই বাইডেনের প্রস্রাবে সমস্যা হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার তার সম্পূর্ণ শরীরের পরীক্ষা করানো হয় এবং তখনই জানা যায় যে তিনি হাই গ্রেড ক্যানসারে ভুগছেন এবং ক্যানসার হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ৮২ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা ২০২১ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, যেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছিলেন।