চারমিনারের সামনের বহুতলে দাউদাউ করে জ্বলছে আগুন, অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭ জন গুরুতর আহত

ঐতিহাসিক চারমিনারের সামনে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ভোরের দিকে গুলজার হাউসের কাছে অবস্থিত ওই বিল্ডিংটিতে আগুন লাগে। এই ঘটনায় কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দমকলের ১১টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো এবং উদ্ধারকাজে হাত লাগিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৬টা নাগাদ চারমিনারের একদম কাছে গুলজার হাউসের কাছে একটি তিনতলা বিল্ডিংয়ের নীচের তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানটিতে মুক্তো ও গহনার পসরা ছিল বলে জানা গেছে। দ্রুত আগুন প্রথম তল থেকে উপরের তলাগুলিতেও ছড়িয়ে পড়ে এবং একটি তল সম্পূর্ণভাবে গ্রাস করে নেয়। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
বিল্ডিংটির উপরের তলাগুলিতে বেশ কয়েকটি পরিবার বসবাস করত। আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে বাসিন্দারা নীচে নামতে পারেননি। জীবন বাঁচাতে তারা ছাদে আশ্রয় নেন। খবর পেয়ে দমকল কর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করেন এবং এখনও পর্যন্ত ৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
তবে এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় দমকলের ইঞ্জিনগুলি বিল্ডিংয়ের একেবারে কাছে পৌঁছতে সমস্যা হচ্ছে। আগুন নেভানো এবং উদ্ধারকাজে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। বাধ্য হয়ে দমকল কর্মীরা পাশের একটি বিল্ডিং ব্যবহার করে উপরে উঠে উদ্ধারকার্য চালাচ্ছেন।
Hyderabad, Telangana | A fire broke out in a building at Gulzar House near Charminar today at 6 am. 11 fire vehicles reached the spot. The cause of the fire is yet to be known: Fire official, Hyderabad.
— ANI (@ANI) May 18, 2025
শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিল্ডিংয়ের ভেতরে আটকে পড়া বাকিদের উদ্ধারের কাজ চলছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।