নেটফ্লিক্সে বাজিমাত করছে আলিয়ার ‘ডার্লিংস’

বড়পর্দায় মুক্তি পেয়েছে আমিরের লাল সিং চাড্ডা ও অক্ষয় কুমার অভিনীত রক্ষা বন্ধন-এর মতো বিগবাজেট ফিল্ম।যদিও আপাতত ছবির রোজগারে মোটেও খুশি নন নির্মাতারা।

তবে নেটফ্লিক্সে রেকর্ড করেছে আলিয়া অভিনীত সিনেমা ‘ডার্লিংস’। নেটফ্লিক্সের নন-ইংলিশ বিভাগে সেরা পাঁচ সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে ‘ডার্লিংস’।

শুধু তাই নয়, প্রতি ঘণ্টায় ছবিটি ৩০ মিলিয়ন মানুষ নেটফ্লিক্সে উপভোগ করছে, যা অনন্য রেকর্ডও বটে! এ ছাড়া সিনেমাটি বিশ্বের ১০টি দেশে টপট্রেন্ডের শীর্ষে অবস্থান করছে।

এই সিনেমার মাধ্যমে ২৯ বছর বয়সী আলিয়া প্রথমবার প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হলেন। চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ইটারনাল সানশাইন প্রোডাকশনের ‘ডার্লিংস’ গত ৫ আগস্ট মুক্তি পেয়েছে।

এমন অর্জনে আলিয়া ভাট বলেন, ‘ডার্লিংস আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে, এটি প্রযোজক হিসেবে আমার প্রথম চলচ্চিত্র। আমরা খুব গর্বিত এবং খুশি। আমরা আশা করি এটি সারা বিশ্বের দর্শককে বিনোদন দেবে।’

সিনেমাটিতে প্রধান চরিত্রে আলিয়া ভাটের পাশাপাশি শেফালি শাহ, বিজয় ভার্মা এবং রোশন ম্যাথিউকে অভিনয় করেছেন।

‘ডার্লিংস’ একটি ডার্ক-কমেডি সিনেমা, যা একটি মা-মেয়ের যুগলের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। যারা মুম্বাইয়ে তাদের জায়গা খোঁজার চেষ্টা করে ব্যতিক্রমী পরিস্থিতিতে সাহস এবং ভালোবাসা খোঁজার মাধ্যমে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে।