শৌচালয়ে বিমানকর্মীকে যৌন হেনস্থা! ভারতীয় যুবককের ৩ সপ্তাহ কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে এক বিমানকর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগে এক ভারতীয় ছাত্রকে তিন সপ্তাহের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। গত ২৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুর থেকে পার্থগামী একটি ফ্লাইটে এই ঘটনা ঘটেছিল।
সিঙ্গাপুরের দৈনিক ‘দ্য স্ট্রেটস টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনার দিন সকাল ১১টা ২০ মিনিট নাগাদ বিমানটি যখন মাঝ আকাশে, তখন এক মহিলা বিমানকর্মী একজন মহিলা যাত্রীকে শৌচালয়ে নিয়ে গিয়েছিলেন। ওই মহিলা যাত্রী শৌচালয় থেকে বের হওয়ার পর বিমানকর্মী মেঝেতে টিস্যু পেপার পড়ে থাকতে দেখে সেটি তোলার জন্য নিচু হন। ঠিক সেই সময় অভিযুক্ত ভারতীয় যুবক পিছন থেকে এসে তাকে জাপটে ধরে শৌচালয়ের ভিতরে ঠেলে ঢুকিয়ে দেন এবং নিজেও ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনা দেখে পাশের এক মহিলা যাত্রী দ্রুত বিমানের অন্য কর্মীদের খবর দেন। এরপর অন্যান্য কর্মীরা এসে শৌচালয়ের ভেতর থেকে ওই বিমানকর্মীকে টেনে বের করে আনেন। বিমানকর্মী তৎক্ষণাৎ বিষয়টি তার সুপারভাইজারকে জানান।
বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করার সাথে সাথেই অভিযুক্ত ভারতীয় যুবককে পুলিশ গ্রেফতার করে। জানা গেছে, ওই যুবক অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
গত ১৪ মে আদালতে এই মামলার শুনানি হয়। শুনানিতে যৌন হেনস্থার শিকার ওই বিমানকর্মী জানান, এই ঘটনায় তিনি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত এবং অপমানিত বোধ করছেন। ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইউজিন লাউ আদালতে সওয়াল করেন যে, বিমান ভ্রমণের মতো পরিবেশে যেখানে শারীরিক নৈকট্য বেশি থাকে এবং অবাঞ্ছিত শারীরিক সংস্পর্শ শনাক্ত করা কঠিন, সেখানে এ ধরনের অপরাধ অত্যন্ত গুরুতর। এছাড়াও বিমানের মাঝখানে ভুক্তভোগীর পালানোর বা আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা পাওয়ার কোনো উপায় থাকে না।
অন্যদিকে, অভিযুক্ত ভারতীয় যুবকের আইনজীবী রঞ্জিত সিং আদালতের কাছে আর্জি জানান যে, তার মক্কেলের এর আগে কোনো অপরাধমূলক রেকর্ড নেই এবং তিনি ছাত্র। তাই এই মামলায় তাকে নূন্যতম সাজা এবং জরিমানা করা হোক।
উভয়পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত ২০ বছর বয়সী ওই ভারতীয় ছাত্রকে যৌন হেনস্থার অপরাধে দোষী সাব্যস্ত করে এবং তাকে তিন সপ্তাহের কারাদণ্ডের নির্দেশ দেয়। সিঙ্গাপুরের আইন অনুযায়ী, যৌন হেনস্থার অপরাধে সর্বোচ্চ তিন বছরের জেল, জরিমানা বা বেত্রাঘাত অথবা উভয়ই হতে পারে। এই ঘটনা বিমান ভ্রমণের সময় যাত্রীদের নিরাপত্তা এবং কর্মীদের সুরক্ষার বিষয়টি আবারও সামনে আনল।