চুরি করা শাড়ি পড়ে ফেসবুকে পোস্ট, পোল খুলল চোরের! এক সুতোতেই একেবারে ছ’টি কেসের কিনারা করল পুলিশ

চুরি করা শাড়ি সোশ্যাল মিডিয়ায় পরে ছবি পোস্ট করার সূত্র ধরে এক গৃহ সহকারীর পর্দাফাঁস করল মধ্যমগ্রাম থানার পুলিশ। এই একটি সূত্র ধরেই পুলিশ গত চার মাসে চুরি ও সাইবার প্রতারণার মোট ছয়টি মামলার কিনারা করতে সক্ষম হয়েছে এবং উদ্ধার হয়েছে চুরি যাওয়া গয়না, শাড়ি ও টাকা। এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যমগ্রাম থানা এলাকার বাসিন্দা আশিস দাশগুপ্তের বাড়ি থেকে বেশ কিছু গয়না ও শাড়ি চুরি গিয়েছিল। প্রথমে শীতকালে তার বোনের একটি চাদরও চুরি যায়। তাদের বাড়ির গৃহ সহায়িকা পূজা সর্দারের উপর তাদের প্রথম থেকেই সন্দেহ ছিল। সম্প্রতি আশিস দাশগুপ্তের ছোট মেয়ে ফেসবুক স্টোরিতে পূজা সর্দারকে তার মায়ের দু’টি শাড়ি পরে ছবি পোস্ট করতে দেখে। মেয়েটি সেই ছবিটির স্ক্রিনশট নিয়ে রাখে। এরপরই আশিস দাশগুপ্ত মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। পূজা সর্দারকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে সে অস্বীকার করে। কিন্তু সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে জেরার মুখে সে চুরি করার কথা স্বীকার করে নেয়। তার কাছ থেকে চুরি যাওয়া শাড়ি ও কিছু গয়না উদ্ধার হয়।
পূজা সর্দারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায়, যারা বিভিন্ন বাড়িতে চুরি এবং সাইবার প্রতারণার সঙ্গে জড়িত ছিল। এই সূত্র ধরে পুলিশ গত চার মাসে আরও বেশ কয়েকটি চুরি ও সাইবার জালিয়াতির মামলার কিনারা করতে সক্ষম হয়। এর মধ্যে সাইবার প্রতারণার একটি মামলা ছিল যেখানে এক ব্যক্তির লক্ষাধিক টাকা খোয়া গিয়েছিল। যদিও এই বিশেষ সাইবার প্রতারণার ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি, তবে ওই ব্যক্তির খোয়ানো টাকা উদ্ধার করে ফেরত দেওয়া সম্ভব হয়েছে।
এছাড়াও, এলাকারই একজনের চুরি যাওয়া একটি স্কুটিও এই চক্রের কাছ থেকে উদ্ধার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ এবং সেটি তার মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতিক্ষ্যা ঝরখারিয়া অভিযোগকারীদের হাতে উদ্ধার হওয়া জিনিসপত্র তুলে দেন। তিনি জানান, গত চার মাসে মোট ছয়টি মামলার কিনারা করা হয়েছে এবং এই ঘটনাগুলির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনা মধ্যমগ্রাম এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং পুলিশের তৎপরতায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।