দাউ দাউ করে জ্বলছে চলন্ত বাস, ২ শিশুসহ ঝলসে মৃত ৫ –

উত্তরপ্রদেশে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন পাঁচজন যাত্রী, যাদের মধ্যে দু’টি শিশুও রয়েছে। বিহার থেকে দিল্লিগামী একটি চলন্ত বাসে আচমকা আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে আজ (বৃহস্পতিবার) ভোর ৫টা নাগাদ লখনউয়ের মোহনলালগঞ্জ এলাকায়।

জানা গেছে, বাসটিতে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন। ভোররাতে যখন বেশিরভাগ যাত্রী গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখনই বাসটির ভিতর আগুন ধরে যায়। আগুন লাগার বিষয়টি চালক টের পেতেই দ্রুত বাসটি থামিয়ে দেন। আতঙ্কিত যাত্রী এবং বাসের কর্মীরা প্রাণ বাঁচাতে তড়িঘড়ি বাস থেকে ঝাঁপ দিতে শুরু করেন। বাসের মূল দরজা বন্ধ থাকায় অনেকেই জানলার কাচ ভেঙে বাইরে বেরোনোর আপ্রাণ চেষ্টা করেন।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, বাসের ভিতরে ঘুমিয়ে থাকা পাঁচজন যাত্রী – তিন ও দু’বছরের দুটি শিশু, দুজন মহিলা এবং একজন পুরুষ – আগুন লাগার ভয়াবহতা দ্রুত টের পাননি। যার ফলে বাসের মধ্যেই দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং পুলিশ। দমকলকর্মীরা কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও, ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে কঙ্কালে পরিণত হয়েছে। পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।