ত্রালে জইশ জঙ্গিদের বিরুদ্ধে সেনার অভিযান! জঙ্গি-সেনার গুলির লড়াই, তীব্র উত্তেজনা এলাকায়

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা সংলগ্ন ত্রাল এলাকায় ফের জঙ্গি সক্রিয়তার খবর পাওয়া গেছে। এই সংবাদের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ভোরের দিকে ত্রালের একটি নির্দিষ্ট এলাকায় অভিযান শুরু করেন সেনা সদস্যরা।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। ঠিক তখনই লুকিয়ে থাকা জঙ্গিরা প্রথম গুলি চালাতে শুরু করে। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা জবাব দিলে দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়।

ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ এই যৌথ অভিযানে অংশ নিয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর হাতে এক জইশ-ই মহম্মদ জঙ্গি নিহত হয়েছে। ওই এলাকায় আরও দুই থেকে তিনজন জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে এবং তাদের আত্মসমর্পণের চেষ্টা চলছে। শেষ খবর আসা পর্যন্ত এলাকাটিতে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির বিনিময় চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো এলাকাটি ঘিরে রেখেছে বাহিনী।