“তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে কেন এত ঘনিষ্ঠতা?”-বয়কটের মুখে আমিরের ‘সিতারে জামিন পার’

বলিউড সুপারস্টার আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পর’-এর ট্রেলার প্রকাশ পেতেই জোর বিতর্কের মুখে পড়েছে। গত মঙ্গলবার সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবিটি বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ। এর পেছনে পুরনো একটি ঘটনাই মূল কারণ হিসেবে সামনে এসেছে।

‘সিতারে জামিন পার’ ছবির ঝলক প্রকাশ্যে আসার পরপরই বহু নেটিজেন ২০২০ সালের একটি ঘটনাকে আবার সামনে আনছেন। সে সময় আমির খান তাঁর ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিংয়ের জন্য তুরস্কে গিয়েছিলেন। সেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমাইন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সেই সাক্ষাতের সময় আমির খান ও এমাইন এরদোয়ানের খোশগল্পে মেতে ওঠার বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে। সেই সময়েই ভারতের ‘শত্রু’ দেশ হিসেবে পরিচিত তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে আমির খানের এই ঘনিষ্ঠতা নিয়ে তীব্র আক্রমণের মুখে পড়েন অভিনেতা। তাঁর এই সাক্ষাৎকারের উদ্দেশ্য ও সময় নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

এবার ‘অপারেশন সিঁদুর’-এর মতো সংবেদনশীল আবহে এই পুরনো বিতর্কটিই আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। পাকিস্তানের পাশে থাকা তুরস্কের সঙ্গে আমির খানের সেই সময়ের ঘনিষ্ঠতাকে টেনেই নেটিজেনরা তাঁর আসন্ন ছবি ‘সিতারে জামিন পার’ বয়কটের ডাক দিচ্ছেন। সোশ্যাল মিডিয়াজুড়ে ছবিটি নিয়ে নেতিবাচক প্রচার চলছে।

প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খানের অত্যন্ত জনপ্রিয় ও প্রশংসিত ছবি ‘তারে জমিন পার’। এই ছবিটি বক্স অফিসে প্রভূত সাফল্য লাভ করে এবং সমালোচকদের প্রশংসা কুড়ায়। সেই সময় থেকেই আমির খান এই ছবির একটি সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করেছিলেন। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে ‘সিতারে জামিন পর’ ছবির মাধ্যমে।

আমির খানের এই নতুন ছবিটি আগামী ২০ জুন বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে মুক্তির আগেই পুরনো বিতর্কের জেরে যে বয়কটের মুখে পড়েছে ছবিটি, তা নিঃসন্দেহে এর বক্স অফিস সম্ভাবনার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটি অতীতের ঘটনা এবং বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট কীভাবে একটি সিনেমার ভাগ্যকে প্রভাবিত করতে পারে, এই ঘটনা তারই সাম্প্রতিক উদাহরণ।