টলিউডে অভিনেতা অনির্বাণকে বয়কটের ডাক, দেওয়া হলো লিখিত চিঠি

বাংলার দর্শকের কাছে দিন দিন জনপ্রিয়তা অর্জন করছেন ওপার বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। টলিউডে তাঁর কাজের সম্ভাবনা নিয়েও জল্পনা চলছিল। এমনকি শোনা যাচ্ছিল, দেব অভিনীত আসন্ন ছবি ‘রঘু ডাকাত’-এও তাঁকে দেখা যেতে পারে। কিন্তু এরই মধ্যে এক অপ্রত্যাশিত ঘটনায় অনির্বাণকে নিয়ে টলিউডে বয়কটের ডাক উঠেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানরা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে আর কোনো কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, প্রযোজনা সংস্থা এসভিএফ অনির্বাণ ভট্টাচার্যের নিজস্ব দল বা ব্যান্ড ‘ব্যান্ড হুলিগানিজম’-এর জন্য একটি মিউজিক ভিডিও তৈরি করেছিল।
এই ঘটনার প্রেক্ষিতেই টলিউডের টেকনিশিয়ানদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সূত্র মতে, বুধবার (১৪ মে) ওই ব্যান্ডের তৃতীয় মিউজিক ভিডিওটির শুট হওয়ার কথা ছিল। কিন্তু টেকনিশিয়ানদের আপত্তির মুখে সেই মিউজিক ভিডিওর শুটিং বন্ধ হয়ে গেছে।
সূত্রের খবর অনুযায়ী, টেকনিশিয়ানদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁরা আর অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে কোনো প্রোজেক্টে কাজ করবেন না। এই সিদ্ধান্তের কথা ১৩ মে প্রযোজনা সংস্থা এসভিএফকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।