রাজ্যে হবে আন্তর্জাতিকমানের নতুন বিনোদন পার্ক, বুধবার নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গে বিনোদন এবং তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার এবার পশ্চিমবঙ্গ হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (হিডকো)-এর সঙ্গে যৌথ উদ্যোগে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে নিউটাউনে একটি অত্যাধুনিক আন্তর্জাতিক মানের পার্ক গড়ে তুলবে। প্রায় ২৫ একর বিশাল এলাকা জুড়ে তৈরি হবে এই প্রকল্প। বুধবার নবান্নে এক সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী স্বয়ং এই ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী জানান, বর্তমান সময়ে বিনোদন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র হয়ে উঠেছে। এই ধরনের একটি পার্ক তৈরি হলে তা রাজ্যের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নতির জন্য অত্যন্ত জরুরি হবে। তিনি এই প্রকল্পের আনুষ্ঠানিক নামও ঘোষণা করেছেন। এর পুরো নাম রাখা হয়েছে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক, যার সংক্ষিপ্ত রূপ IITEC Park। এর বাংলা নাম দেওয়া হয়েছে ‘বিশ্ব অঙ্গণ’। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই পার্কে আন্তর্জাতিক মানের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে, যেখানে দেশ-বিদেশের বহু খ্যাতনামা শিল্পী ও তারকাও যোগ দেবেন। এর ফলে কলকাতার পর্যটন শিল্পেও নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও নিশ্চিত করেন যে, পুরো প্রকল্পটি পিপিপি মডেলে বাস্তবায়িত হবে। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় ২৫ একর জমি রাজ্য সরকার প্রদান করবে এবং বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই জমি বরাদ্দের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই প্রকল্পের পরবর্তী ধাপের কাজ শুরু হবে।

প্রকল্পটি শুরু হতে কিছুটা সময় লাগার কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, অনেকদিন ধরেই এ ধরনের একটি প্রকল্পের প্রস্তাব সরকারের কাছে ছিল, কিন্তু কলকাতার কাছাকাছি এক লপ্তে ২৫ একর উপযুক্ত জমি খুঁজে বের করাই ছিল একটি বড় চ্যালেঞ্জ। সেই কারণেই কিছুটা সময় লেগেছে। তবে, চলতি বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) শেষ হওয়ার পর থেকেই এই প্রকল্পের জন্য বিশেষভাবে জমি খোঁজা হচ্ছিল এবং অবশেষে সেই জমি পাওয়া গিয়েছে। তাই আজ মন্ত্রিসভার বৈঠকে প্রকল্পটিকে অনুমোদন দেওয়া হয়েছে। জমি চিহ্নিত হওয়ার পর পিপিপি মডেলে টেন্ডার সহ অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। মনে করা হচ্ছে, এই আন্তর্জাতিক মানের পার্কটি রাজ্যের বিনোদন এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে।