SSC Scam – চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের পাশে রাজ্য, শিক্ষাকর্মীদের নিয়ে বড়ো খবর মমতার

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা ঘিরে তৈরি হওয়া জটিলতা এখনও কাটেনি। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হওয়ার পর চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত বহু শিক্ষক ও শিক্ষাকর্মী। এই পরিস্থিতিতে চাকরি হারানো শিক্ষাকর্মীদের পাশে দাঁড়াতে একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানান, শ্রম দফতরের অধীনে একটি নতুন প্রকল্পের মাধ্যমে চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা বা ‘অনুদান’ প্রদান করা হবে। এই সিদ্ধান্ত চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী এটিকে ‘মানবিক কারণে’ চাকরিহারা কর্মীদের জন্য রাজ্য সরকারের একটি পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত এই মামলা আদালতে বিচারাধীন থাকবে, ততক্ষণ পর্যন্ত চাকরি হারানো শিক্ষাকর্মীরা তাঁদের সংসার চালানোর জন্য এই আর্থিক অনুদান পাবেন।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কিছু সমালোচকের উদ্দেশ্য করে তীব্র ভাষায় বলেন, ”এখানে কিছু লোক আছে কথায় কথায় পিল খায় আর কিল মারে। চাকরি দেওয়ার মুরোদ নেই কিল মারার গোসাঁই!”
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেলটি বাতিল করে দিয়েছিল। এর জেরে মোট ২৫,৭৩৫ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি হারান। যদিও পরবর্তীতে পড়ুয়াদের পড়াশোনার কথা মাথায় রেখে রাজ্য সরকারের আর্জিতে আদালত নির্দেশ দেয় যে, যোগ্য বা দুর্নীতিতে যুক্ত নন এমন শিক্ষকদের একটি অংশ আপাতত নতুন প্যানেল তৈরি না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে আদালত এমন কোনও নির্দেশ দেয়নি। তাঁদের আপাতত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি মেলেনি। এই নিয়ে চাকরিহারা শিক্ষাকর্মীদের মধ্যে চরম দুশ্চিন্তা ও উদ্বেগ ছিল। পরিবার কিভাবে চলবে সেই চিন্তায় তাঁদের রাতের ঘুম উড়ে গিয়েছিল। রাজ্য সরকারের এই নতুন আর্থিক অনুদান প্রকল্প চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের এই কঠিন সময়ে কিছুটা হলেও সাময়িক স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।