খুলেছে দোকানপাট, চলছে গাড়িও; পাঞ্জাবে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি!

কয়েকদিন ধরে জারি থাকা সতর্কতা এবং উত্তেজনার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাঞ্জাব। যদিও আজ, মঙ্গলবারও অমৃতসরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। গত রাতে রাজ্যের একাধিক জায়গায় উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি ছিল এবং অমৃতসরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে ব্ল্যাকআউট করা হয়েছিল, কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গায় ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

গতকাল রাতের চিত্র ছিল কিছুটা থমথমে। রাত পৌনে ৯টা থেকে অমৃতসরে সাইরেন বাজিয়ে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল এবং অমৃতসর বিমানবন্দর থেকে নির্ধারিত উড়ান পরিষেবাও বাতিল করা হয়। তবে আজ সকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। রাস্তায় গাড়ি চলাচল করছে, লোকজন তাদের দৈনন্দিন কাজে বাইরে বেরিয়েছে এবং দোকানপাটও খুলেছে। স্বাভাবিক জনজীবনের লক্ষণ স্পষ্ট। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অমৃতসরের স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, ভারত-পাক উত্তেজনার এই আবহের মধ্যেই গত রবিবার পাঞ্জাবে একটি বড়সড় নাশকতার ছক বানচাল করে নিরাপত্তা বাহিনী। বিএসএফ (BSF) এবং পাঞ্জাব গ্রামীণ পুলিশের যৌথ তৎপরতায় অমৃতসরের আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা থেকে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

অমৃতসরের আজনালা থানার চকবালা গ্রামের কাছে একটি চাষের জমি থেকে ধাতব তারে জড়ানো একটি হলুদ প্যাকেটের মধ্যে থেকে উদ্ধার হয় ২ কেজি ৭০০ গ্রাম উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, যার মধ্যে ৯৭২ গ্রাম আরডিএক্স (RDX) ছিল। এছাড়াও উদ্ধার করা হয় ২টি হ্যান্ড গ্রেনেড, ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, ২টি ডিটোনেটর, ৮টি ব্যাটারি, একটি ব্ল্যাকবক্স এবং একটি আইইডি (IED) সার্কিট। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে এই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক ভারতে পাচার করা হয়েছিল।

সীমান্তে নাশকতার এই বড় ছক বানচালের পরই রাজ্য জুড়ে সতর্কতা আরও বাড়ানো হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং জনজীবন স্বাভাবিক হওয়ার পথে।