মালদায় শিশু চুরির চেষ্টা ব্যর্থ! স্থানীয়দের দ্রুত তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার, আটক মহিলা

শিশু চুরিকে কেন্দ্র করে রবিবার সকালে তীব্র উত্তেজনা ছড়াল মালদার গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। তবে পুলিশ ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় হাসপাতাল থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত এক মহিলাকে আটক করেছে গাজোল থানার পুলিশ। ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়রা। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পুলিশ মোতায়েন করতে হয়।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার পুরাতন মালদার বাসিন্দা হাসি সাহা গাজোল স্টেট জেনারেল হাসপাতালে এক শিশুপুত্রের জন্ম দেন। রবিবার হাসপাতাল থেকে তাঁর ছুটি পাওয়ার কথা ছিল। ছুটির কাগজ তৈরির জন্য ফটোকপি করতে হাসিদেবী হাসপাতালের সামনে একটি দোকানে যান। সেই সময় ওয়ার্ডে থাকা এক মহিলার কাছে সদ্যোজাত শিশুপুত্রকে দেখভাল করতে রেখে যান তিনি। কাজ সেরে ওয়ার্ডে ফিরে এসে তিনি দেখেন শিশুপুত্রসহ সেই মহিলা নিখোঁজ। সঙ্গে সঙ্গে গোটা হাসপাতালে ব্যাপক শোরগোল পড়ে যায় এবং খোঁজাখুঁজি শুরু হয়।
খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছয় পুলিশ। বিভিন্ন জায়গায় টহলরত পুলিশকর্মীদের বিষয়টি জানানো হয় এবং অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক পরে হাসপাতাল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বেলডাঙি এলাকা থেকে শিশুপুত্রসহ ওই মহিলার খোঁজ মেলে। পুলিশ তাঁকে আটক করে।
অভিযুক্ত মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে উপস্থিত রোগীর আত্মীয়রা তাকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন এবং তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা অভিযুক্ত মহিলাকে রীতিমতো মারতে তেড়ে যান। পুলিশ কোনোক্রমে অভিযুক্ত মহিলাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে, উদ্ধার হওয়া শিশুটিকে তার মা হাসিদেবীর কোলে ফিরিয়ে দেওয়া হয়।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম প্রিয়া পাল। তিনি দীর্ঘদিন ধরে গাজোল হাসপাতালের প্রসূতি বিভাগে ঘোরাঘুরি করতেন এবং প্রসূতিদের সঙ্গে ভাব জমিয়ে তাদের বিশ্বাস অর্জন করতেন। হাসিদেবীর বিশ্বাস অর্জন করে তিনি এই সুযোগে শিশুটিকে চুরি করার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালের মতো সুরক্ষিত জায়গায়, বিশেষ করে প্রসূতি ওয়ার্ডে একজন বহিরাগত কী করে ইচ্ছামতো প্রবেশ করতে পারলেন, তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। এই ঘটনা হাসপাতালের প্রসূতি ও সদ্যোজাতদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।
হাসপাতালের সুপার অঞ্জন রায় এই ঘটনা প্রসঙ্গে বলেন, এরকম ঘটনা এই প্রথম ঘটল। তিনি স্বীকার করেন যে প্রসূতি বিভাগে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। তিনি জানান, ভবিষ্যতে যাতে ইচ্ছামতো যে কেউ হাসপাতালে প্রবেশ করতে না পারে, তার জন্য হাসপাতালের চারপাশে পাঁচিল দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
শিশুটি দ্রুত উদ্ধার হলেও এই ঘটনা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে সামনে এনেছে। পুলিশ ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।