বাজারের থেকেও কম দামে মিলবে ইলিশ, কাতলা, রুই! মোবাইল থেকেই জানতে পারবেন দাম, কোথায় পাবেন দেখুন?

রাজ্য সরকারের সুফল বাংলা স্টলের মাধ্যমে সাধারণ মানুষ যেমন সুলভ মূল্যে টাটকা শাক-সবজি পেয়ে থাকেন, তেমনই এবার সুলভ মূল্যে টাটকা মাছ পাওয়ার সুযোগ তৈরি হল। আগেই ঘোষিত রাজ্য সরকারের উদ্যোগ অনুযায়ী, শনিবার থেকে চালু হয়ে গেল প্রথম ‘সুফল বাংলা মৎস্য স্টল’। রাজ্যের মধ্যে প্রথম এই স্টলটি চালু হয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে। শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব শনিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। মৎস্য দফতর সূত্রে জানা গেছে, এই মডেল সাফল্য পেলে এরপর ধাপে-ধাপে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও এই ধরনের মৎস্য স্টল চালু করা হবে।
শিলিগুড়ির মীন ভবনের পাশে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই নতুন মৎস্য স্টলটি চালু করা হয়েছে। উলেক্ষ্য, এখানে আগে থেকেই একটি স্টল ছিল, সেটিকে রাজ্য সরকারের মৎস্য দফতরের তত্ত্বাবধানে কয়েক লক্ষ টাকা খরচ করে আধুনিক রূপে সাজিয়ে নতুন মৎস্য স্টলে রূপান্তরিত করা হয়েছে। রাজ্য সরকারের মৎস্য দফতর এবং তাদের অধীনে থাকা বেনফিসের যৌথ উদ্যোগে এই বিপণন কেন্দ্রটি চালু করা হয়েছে।
এই মৎস্য স্টলটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় ফাঁসিদেওয়া থানা প্রাইমারি ফিসারম্যান কো-অপারেটিভ সোসাইটিকে। এখান থেকে ক্রেতারা রুই, কাতলা, ইলিশ-সহ বিভিন্ন ধরনের টাটকা মাছ কিনতে পারবেন। এছাড়াও মাগুর, ল্যাটা, পুঁটি সহ নানা ধরনের ছোট মাছও সুলভ মূল্যে পাওয়া যাবে। মৎস্য দফতর মনে করছে, বাজারদরের থেকে কম মূল্যে টাটকা মাছ পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। রাজ্য সরকারের সুফল বাংলা স্টল শাক-সবজির ক্ষেত্রে যে জনপ্রিয়তা লাভ করেছে, সুফল বাংলা মৎস্য স্টলও একই রকম সাফল্য পাবে বলে কর্তৃপক্ষ আশাবাদী।
মৎস্য দফতর সূত্রে আরও জানা গেছে যে, রাজ্যে যতগুলি এই মৎস্য স্টল চালু হবে, সেগুলি একটি সফটওয়্যারের মাধ্যমে একে অপরের সঙ্গে লিংক করা হবে। প্রতিদিন কোন মাছের দাম কত হবে, তা একটি নির্দিষ্ট ওয়েবসাইটে জানানো হবে এবং সাধারণ মানুষ মোবাইল থেকেই সেই দাম জানতে পারবেন। এর ফলে কোনো স্টলে মাছের বেশি দাম নেওয়ার অভিযোগ উঠবে না এবং একটি স্বচ্ছতা বজায় থাকবে। এছাড়াও, মাছ ওজনের জন্য প্রতিটি মৎস্য স্টলে অত্যাধুনিক ওজন মেশিন রাখা হবে। সাধারণ মাছ বিক্রেতাদের মতোই সুফল বাংলা মৎস্য স্টলে মাছ কেটে দেওয়া থেকে শুরু করে পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থাও থাকবে।
এ বিষয়ে বেনফিসের ম্যানেজিং ডিরেক্টর তথা রাজ্য মৎস্য দফতরের সচিব শর্মিষ্ঠা দাস জানান, রাজ্যের মধ্যে প্রথম সুফল বাংলা মৎস্য স্টলের উদ্বোধন হল শিলিগুড়িতে। আগামিদিনে রাজ্যের প্রত্যেকটি জায়গাতে এই ধরনের সুফল বাংলা মৎস্য স্টল করা হবে। এখানে সাধারণ মানুষ সুলভ মূল্যে টাটকা মাছ কিনতে পারবেন এবং তারা এর মাধ্যমে উপকৃত হবেন। রাজ্য সরকারের এই নতুন উদ্যোগে টাটকা মাছের বাজারে মূল্য নিয়ন্ত্রণে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।