কাশ্মীর সমস্যা মেটাতে ভারত-পাকিস্তানের সঙ্গে কাজ করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট!

ভারত ও পাকিস্তানের মধ্যে ঘোষিত সংঘর্ষবিরতির প্রশংসা এবার দ্বিতীয়বার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শনিবার নিজেই প্রথম এই যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন এবং দাবি করেছিলেন যে আমেরিকার মধ্যস্থতাতেই এটি সম্ভব হয়েছে। রবিবার ফের তিনি এই সিদ্ধান্তের প্রশংসা করার পাশাপাশি কাশ্মীর সমস্যা সমাধানে ভারত ও পাকিস্তানের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার দুপুর নাগাদ ট্রাম্প প্রথম ঘোষণা করেন যে ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। যদিও তার কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি জানান যে শনিবার বিকেল ৫টা থেকেই দু’দেশের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হয়েছে এবং দুই দেশ সমস্ত রকম সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে।
রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ’-এ একটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি ভারত ও পাকিস্তানের শক্তিশালী নেতৃত্বের জন্য অত্যন্ত গর্বিত। কারণ উভয় দেশই সম্পূর্ণরূপে বুঝতে পেরেছে যে বর্তমানে এই আগ্রাসন বন্ধ করার সময় এসেছে। এই সংঘর্ষে অনেক নিরীহ মানুষের মৃত্যু হতে পারত। দুই পক্ষের এই সাহসী পদক্ষেপ প্রশংসনীয়।’ তিনি আরও বলেন, ‘আমি গর্বিত যে আমেরিকা দুই দেশকে এই ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে।’ এর মাধ্যমে তিনি যুদ্ধবিরতির সিদ্ধান্তে আমেরিকার ভূমিকা থাকার দাবিটি আবারও প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন।
একই পোস্টে ট্রাম্প কাশ্মীর সমস্যা সমাধানের পাশাপাশি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার আগ্রহও পুনরায় প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আলোচনা না হলেও, আমি এই দুই দেশের সঙ্গেই বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে আগ্রহী। পাশাপাশি কাশ্মীর সমস্যার কোনও সমাধানে পৌঁছানো যায় কিনা, তা নিয়েও দুই দেশের সঙ্গে কাজ করব।’
যদিও ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য এবং কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে এখনও পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। ভারত বরাবরই বলে এসেছে যে কাশ্মীর তাদের অবিচ্ছেদ্য অংশ এবং এই বিষয়ে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা তারা মেনে নেবে না।
শনিবার ট্রাম্প আচমকাই ঘোষণা করেছিলেন যে ‘আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর… ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে।’ তাঁর এই দাবির পরেই ভারতীয় বিদেশসচিব বিক্রম মিস্রি জানান যে দু’দেশের মধ্যে বিকেল ৫টা থেকেই সংঘর্ষবিরতি শুরু হয়েছে।
যুদ্ধবিরতি কার্যকরের পর ট্রাম্পের এই ধারাবাহিক মন্তব্য এবং কাশ্মীর সমস্যা সমাধানে তার আগ্রহ প্রকাশ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে ভারতের পূর্বতন অবস্থান এবং বর্তমান পরিস্থিতিতে দিল্লি কীভাবে প্রতিক্রিয়া জানায়, সেটাই এখন দেখার বিষয়।