বিধায়ক পদে অযোগ্য হেমন্ত , অভিযোগ জানিয়ে ফের নির্বাচনের দাবি BJP -র

বিধায়ক পদে অযোগ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এমনই অভিযোগ তুলে ঝাড়খণ্ডে ফের নির্বাচনের দাবি করেছে BJP ।আজ বৃহস্পতিবার হেমন্ত জানিয়েছেন, তিনি নির্বাচন কমিশনের “বিধায়ক হিসাবে অযোগ্যতার সুপারিশ” সম্পর্কে প্রতিবেদন এবং BJP -র বিবৃতি দেখেছেন ঠিকই তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও কাগজপত্র পাননি। কিন্তু তাদের আবেদন সফল বলে দাবি BJP -র । ‘নৈতিক ভিত্তিতে’ অন্তর্বর্তীকালীন নির্বাচন চেয়েছে BJP । নির্বাচন কমিশনের এই প্রতিবেদনের বিষয়বস্তু অবশ্য এখনও প্রকাশ হয়নি ।

একটি বিবৃতিতে হেমন্ত সোরেন জানিয়েছেন “আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে বিজেপি নেতারা, যার মধ্যে একজন বিজেপি সাংসদ এবং তাঁর পুতুল সাংবাদিকরা রয়েছেন, তাঁরা নিজেরাই ভারতের নির্বাচন কমিশোনের রিপোর্টের খসড়া তৈরি করেছেন,”।

BJP হেমন্ত সোরেনের বিরুদ্ধে নিজেকেই একটি খনির লিজ দেওয়ার জন্য অভিযুক্ত করে তাঁর অযোগ্যতার দাবি তুলেছে। এরই মধ্যে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের কথা ভেবেছে BJP । BJP সাংসদ নিশিকান্ত দুবে বলেন, “হেমন্ত সোরেনের নৈতিক ভিত্তিতে অন্তর্বর্তীকালীন নির্বাচনের দিকে যাওয়া উচিত। বিধানসভা ভেঙে দেওয়া উচিত এবং ৮১ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হওয়া উচিত।”