সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের অপপ্রচার রুখল ‘ভারত’: বিদেশ মন্ত্রক

পাকিস্তানের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়ানো মিথ্যে এবং ভিত্তিহীন প্রচারের তীব্র নিন্দা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সাংবাদিক বৈঠকে বিদেশসচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের একাধিক ভুয়ো দাবিকে সরাসরি খারিজ করে দিয়েছেন। পাকিস্তান সম্প্রতি সোশ্যাল পোস্টে দাবি করেছিল যে তারা ভারতের একাধিক বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছেন বিদেশসচিব।

বিক্রম মিশ্রি স্পষ্ট ভাষায় বলেছেন, “পাকিস্তান সম্পূর্ণ ভুয়ো তথ্য প্রচার করছে। তারা নাকি ভারতের বিভিন্ন স্থানে আক্রমণ চালিয়েছে এবং ধ্বংসলীলা ঘটিয়েছে বলে যে দাবি করছে, তা আমার সহকর্মীরা খতিয়ে দেখেছেন এবং এটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।” তিনি বিশেষ করে পাকিস্তানের সিরসা, সুরতগড় এবং আদামপুর বায়ুসেনা স্টেশন গুড়িয়ে দেওয়ার দাবিকে নস্যাৎ করেছেন। এছাড়া, ভারতীয় অত্যাবশ্যকীয় পরিকাঠামো (Critical Infrastructure), পাওয়ার সিস্টেম এবং সাইবার সিস্টেমে আঘাত হানার পাকিস্তানি দাবিও যে সর্বৈব মিথ্যা, তা নিশ্চিত করেছেন তিনি।

বিদেশসচিব জনসাধারণকে অনুরোধ করেছেন এই ধরনের ভুয়ো পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য। তিনি জানান যে পাকিস্তানের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে ভারত তথ্যভিত্তিক জবাব দিচ্ছে।