ভারত-পাকিস্থান শান্তির আবহে ফের শুরু হতে চলেছে স্থগিত আইপিএল ২০২৫

ভারত-পাক সামরিক সংঘাতের আবহে এক সপ্তাহের জন্য স্থগিত থাকার পর আবারও মাঠে ফিরতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫। গত শুক্রবার টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলেও, মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলেছে। শনিবার বিকেলে দু’দেশের মধ্যে সমঝোতা হওয়ায় উত্তেজনা প্রশমিত হয়েছে, যার ফলশ্রুতিতে পুনরায় আইপিএল চালুর তোড়জোড় শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই মর্মে সকল ফ্র্যাঞ্চাইজিকে বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে অরুণ ধুমাল জানিয়েছেন, শীঘ্রই আইপিএল পুনরায় চালু করার সম্ভাব্য সকল পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গেও আলোচনায় বসবে বিসিসিআই। ধুমাল বলেন, “সবে সমঝোতায় পৌঁছেছে দু’দেশ। ফলত আমরা আইপিএল শেষ করার সমস্ত সম্ভাবনার দিকগুলো খতিয়ে দেখছি। অত্য়ন্ত শীঘ্র তা করার ভাবনাচিন্তা চলছে। আমাদের ভেন্যু এবং অন্যান্য বিষয়গুলি চূড়ান্ত করতে হবে। এখন আমাদের স্টেকহোল্ডার, দলের মালিক, সম্প্রচারকারী সংস্থা সকলের সঙ্গে আলোচনা করে বিষয়টি এগিয়ে নিয়ে যেতে হবে। সর্বোপরি কেন্দ্রের পরামর্শ নিতে হবে।”
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর খবর অনুযায়ী, সকল ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারদের তৈরি থাকতে বলা হয়েছে। দেশে ফিরে যাওয়া বিদেশি ক্রিকেটাররা স্বল্প নোটিশে কত দ্রুত ভারতে ফিরতে পারবেন, সেই বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে আইপিএলের বাকি ১৭টি ম্যাচ আয়োজনের কথা ভাবা হলেও, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রের পরামর্শ মেনেই নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। এর পরেই দু’দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে ওঠে। বৃহস্পতিবার ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পরদিন আইপিএল স্থগিতের ঘোষণা আসে।
ইন্ডিয়া ট্যুডে’র রিপোর্ট অনুযায়ী, আইপিএল দ্রুত ফেরাতে রবিবার এবং সোমবার বিসিসিআই গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে। সামরিক উত্তেজনার পর শনিবার বিকেলে দু’দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। যদিও সেই সংঘর্ষ বিরতি কার্যকর হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই পাকিস্তান তা লঙ্ঘন করে, যা নিয়ে ভারত কড়া হুঁশিয়ারি দিয়েছে।