“বাঙালি মুসলমানদের শুয়োর বলেছিল…”-পাকিস্তানকে আসাদউদ্দিন ওয়েসির তোপ

ভারত ও পাকিস্তানের মধ্যে চলা উত্তেজনার আবহে পাকিস্তানের একটি সামরিক অভিযানের নামকরণ এবং তাদের অতীত ইতিহাস নিয়ে তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম)-এর সাংসদ আসাদউদ্দিন ওয়েসি। তিনি পাকিস্তানকে ‘মিথ্যেবাদী’ আখ্যা দিয়ে তাদের ধর্মীয় গ্রন্থের অপব্যবহারের অভিযোগ তুলেছেন।

সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তানের একটি সামরিক অভিযানের নাম ‘বুনিয়ান-আন-মারসুস’ রাখা হয়েছে, যা কোরানের একটি আয়াত থেকে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে পাকিস্তানের সমালোচনা করে আসাদউদ্দিন ওয়েসি বলেছেন, “কোরানের আয়াত থেকে অভিযানের নাম রেখেছে পাকিস্তান – বুনিয়ান-আন-মারসুস। কতটা মিথ্যেবাদী ওরা! কোরানের আয়াতেরও মূল উদ্দেশ্য বোঝে না।”

ওয়েসি পাকিস্তানের অতীত ভূমিকার সমালোচনা করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “বাঙালি মুসলিমদের উপর যখন (পশ্চিম পাকিস্তানি সেনা) গুলি চালাচ্ছিলেন, তখন এই (কোরানের নির্দেশিত) শিসার দেওয়াল (একতাবদ্ধতা) কোথায় ছিল?” তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোকেও নিশানা করে অভিযোগ করেন, “বাঙালি মুসলমানদের শুয়োর বলেছিলেন ভুট্টো।”

আসাদউদ্দিন ওয়েসির এই মন্তব্য ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। পাকিস্তানের সামরিক অভিযানের নামকরণকে কেন্দ্র করে ধর্মীয় গ্রন্থের ব্যবহারের পাশাপাশি বাংলাদেশের অভ্যুদয়ের সময়ের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এই ঘটনাপ্রবাহ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।