রেজাল্ট বেরোনোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ল মেধাবী ছাত্রী! উচ্চ মাধ্যমিকে ৬০% নম্বরে পাশ হুগলির ‘সুজলি’

মারণ রোগের বিরুদ্ধে এক কঠিন লড়াই চালিয়েও শেষ পর্যন্ত হার মানতে হলো। শারীরিক অবস্থার চরম অবনতি সত্ত্বেও শুধুমাত্র মনের জোরে হাসপাতালের বেডে শুয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল চন্দননগরের এক লড়াকু ছাত্রী, সুজলি পাত্র। জীবনের যুদ্ধে সে হেরে গেলেও, পড়াশোনার লড়াইয়ে কিন্তু জয়ী সে। পরীক্ষায় সুজলি সফলভাবে উত্তীর্ণ হলেও, দুর্ভাগ্যবশত নিজের রেজাল্ট দেখে যাওয়ার সুযোগ পেল না। ফল প্রকাশের মাত্র ১০ দিন আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এই অদম্য মেধাবী ছাত্রী।
গত ৭ মে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জানা গেছে, চন্দননগরের লালবাগান স্কুলের ছাত্রী সুজলি পাত্র ৬০ শতাংশ নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। মাধ্যমিকেও সে ভালো ফল করেছিল। কিন্তু এই সাফল্যের খবর তাকে আর জানানো সম্ভব হয়নি। তার মৃত্যুর পর মার্কশিট হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে সুজলি ক্যানসারের সঙ্গে লড়ছিল। ২০২৩ সালে তার জরায়ুতে টিউমার ধরা পড়েছিল, যা পরবর্তীতে ক্যানসারে ছড়িয়ে পড়ে। অপারেশন এবং কেমোথেরাপি চলছিল তার। এত যন্ত্রণা সত্ত্বেও পড়াশোনার প্রতি তার ছিল অদম্য জেদ। পরিবারের দাবি, পড়াশোনায় সে বরাবরই ভালো ছিল এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের খুব প্রিয় ছিল। পড়াশোনার পাশাপাশি অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও তার আগ্রহ ছিল।
কিন্তু এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসতেই সুজলির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকেই, হাসপাতালের বেডে শুয়ে সে চারটি বিষয়ের পরীক্ষা দিয়েছিল।
ব্যক্তিগত জীবনেও প্রতিকূলতা ছিল সুজলির। মাত্র ১১ দিন বয়সেই সে মাকে হারিয়েছিল। সেই থেকে সে মামা সত্যজিৎ রায়ের কাছেই বড় হয়েছে। পেশায় জুটমিলের শ্রমিক মামা নিজের সীমিত সাধ্যমতো সুজলির চিকিৎসার ব্যবস্থা করেছেন। স্কুল থেকেও পড়াশোনার ক্ষেত্রে তাকে সহযোগিতা করা হয়েছিল।
সুজলির প্রথম বিভাগে পাশ করার খবর স্কুল থেকেই তার মামা সত্যজিৎ রায়কে ফোন করে জানানো হয়। এই খবর শুনে তিনি দুচোখের জল ধরে রাখতে পারেননি। তাঁর একমাত্র আক্ষেপ, এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও তার ভাগ্নি নিজে সেই সাফল্য দেখে যেতে পারল না। সুজলির অকাল মৃত্যুতে চন্দননগর এবং তার স্কুলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।