“১৫ জায়গায় হামলার ছক”- ভারতের Air Defence-এর সামনে নাজেহাল অবস্থা পাকিস্তানের

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পরেও শিক্ষা হয়নি পাকিস্তানের। সীমান্ত পেরিয়ে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ সেনা ছাউনিতে সমন্বিত আক্রমণের ছক কষেছিল পাক সেনা। ৭ তারিখ রাত থেকে ৮ তারিখ ভোরের মধ্যে দেশের অন্তত ১৫টি সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা ছিল ইসলামাবাদের, যার নিশানায় ছিল শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং চণ্ডীগড়-সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ সেনা ছাউনি। তবে ভারতের তৎপরতায় পাকিস্তানের সেই নাশকতার পরিকল্পনা সম্পূর্ণরূপে বানচাল হয়ে গেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতি দিয়ে জানিয়েছে যে, পাকিস্তানের হামলার চেষ্টা আগেভাগেই ধরে ফেলে ভারতীয় সেনাবাহিনী। ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড এবং রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ ‘সুদর্শন চক্র’ এয়ার ডিফেন্স সিস্টেমের মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে পাকিস্তানের পাঠানো ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলিকে সীমান্তেই নিষ্ক্রিয় করা হয়েছে। এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ৬০০ কিমি দূর থেকেও লক্ষ্যবস্তু শনাক্ত ও প্রতিহত করতে পারে এবং ফাইটার জেট, ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনকে রুখে দিতে অত্যন্ত কার্যকর।

শুধু পরিকল্পনা বানচালই নয়, ভারত পাল্টা আঘাত হেনে পাকিস্তানের একাধিক সামরিক পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই পাকিস্তানের হামলার চেষ্টা রুখে দেওয়ার পাশাপাশি ভারত পাল্টা জবাব হিসেবে লাহোর-সহ পাকিস্তানের একাধিক জায়গায় তাদের বিভিন্ন এয়ার ডিফেন্স রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে।

এর মাঝেই বেশ কিছু সংবাদসংস্থা জানাচ্ছে যে, লাহোরের একাধিক জায়গায় ড্রোন হামলা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। লাহোর জুড়ে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, এমনকি রাওয়ালপিন্ডিতেও বিস্ফোরণ হয়েছে বলে খবর। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান সরকারের তরফে লাহোর জুড়ে সাইরেন বাজানো হয়েছে। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছেও ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানা গেছে।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, সীমান্ত জুড়ে এদিন সকাল থেকে তীব্র গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, মেন্ধার, রাজৌরি সেক্টরে প্রবল আক্রমণ হয়। এই গোলাবর্ষণে ৩ মহিলা ও ৫ শিশু-সহ ১৬ জন সাধারণ নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাকিস্তানের এই আগ্রাসনের যোগ্য জবাব ভারতীয় সেনাও দিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।