“ধর্মের রাজনীতি পাকিস্তানের, শিখদের উপর ইচ্ছাকৃত হামলা”- ছবি দেখালেন বিদেশ সচিব বিক্রম মিস্রি

পাকিস্তান ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে এবং জম্মু ও কাশ্মীরে শিখ ধর্মের মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে বলে গুরুতর অভিযোগ করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। বৃহস্পতিবার একটি প্রেস বিবৃতিতে তিনি পুঞ্চে একটি গুরুদুয়ারায় হামলার ঘটনা উল্লেখ করেন এবং নিহত সন্ত্রাসবাদীদের শেষকৃত্যে পাকিস্তানের সেনা কর্মকর্তাদের উপস্থিতির ছবি দেখিয়ে ইসলামাবাদ কীভাবে জঙ্গিদের মদত দিচ্ছে তার প্রমাণ তুলে ধরেন।

বিক্রম মিস্রি জানান, গতকাল জম্মু ও কাশ্মীরের শিখ সম্প্রদায়ের মানুষের উপর এই আক্রমণ করেছে পাকিস্তান। পুঞ্চের একটি গুরুদুয়ারায় চালানো হামলায় প্রাণ হারান ৩ জন শিখ ধর্মাবলম্বী। ওই হামলায় পুঞ্চে মোট ১৬ জন নাগরিক নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন জখম হয়েছেন, যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলাকে তিনি পাকিস্তানের ধর্মের রাজনীতি করার চেষ্টার অংশ হিসেবে দেখছেন।

পাকিস্তানের সন্ত্রাসীদের প্রতি সমর্থনের প্রমাণ হিসেবে বিক্রম মিস্রি ‘অপারেশন সিঁদুর’-এর জেরে ভারতের প্রত্যাঘাতে নিহত সন্ত্রাসবাদীদের শেষকৃত্যের ছবি দেখান। সেই ছবি প্রসঙ্গে মিস্রি বলেন, “আশ্চর্যজনকভাবে দেখা গেল, বেসামরিক নাগরিকদের শেষকৃত্যে সেনাকর্তারা উপস্থিত। তাদের শরীর পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়া হয়েছিল। এমনকি রাষ্ট্রীয় সম্মানও দেওয়া হচ্ছে।” তিনি প্রশ্ন তোলেন, “এখান থেকেই পরিষ্কার, নিহত ব্যক্তিরা সন্ত্রাসবাদী ছিল। সন্ত্রাসীদের রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্য করা পাকিস্তানে একটি প্রথা হতে পারে। কিন্তু, আমাদের কাছে এর কোনো অর্থ নেই বলে মনে হয় না। এর থেকেই প্রমাণিত হয়, জঙ্গিদের সঙ্গ দেয় পাকিস্তান।”

অন্যদিকে, পাকিস্তানের তরফে দাবি করা হচ্ছে, ভারত বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে এবং হামলা করেছে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে গতকালই স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, ভারতের এক ও একমাত্র লক্ষ্য হল জঙ্গিঘাঁটি নষ্ট করা। সেই লক্ষ্যেই ৯টি জঙ্গিঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত করা হয়েছে। বৃহস্পতিবারও বিদেশ সচিব বিক্রম মিস্রি এই একই দাবি পুনর্ব্যক্ত করেন এবং পাকিস্তানের অভিযোগ উড়িয়ে দেন।