BigNews: জম্মুতে পাকিস্তানের হামলা, নিষ্ক্রিয় ৮ টি ক্ষেপণাস্ত্র, শহর জুড়ে বাজছে সাইরেন

গভীর রাতে জম্মু ও কাশ্মীরের জম্মুতে একাধিক জায়গায় রকেট হামলা চালাল পাকিস্তান। বিশেষ করে জম্মু এয়ারপোর্ট এবং সংলগ্ন এলাকায় এই হামলা চালানো হয়। জানা যাচ্ছে, ভারতের অত্যাধুনিক এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের ছোড়া আট-আটটি ক্ষেপণাস্ত্র সফলভাবে আকাশেই নিষ্ক্রিয় করেছে।

বৃহস্পতিবার গভীর রাতে এই হামলা চালানো হয়। হামলার লক্ষ্য ছিল জম্মু এয়ারস্ট্রিপের কাছাকাছি এলাকা, যা নিয়ন্ত্রণরেখা (LoC) থেকে অনেক ভিতরে এবং জম্মু শহরের ঠিক মধ্যভাগে অবস্থিত। এছাড়াও জম্মুর আরও কিছু জায়গায় রকেট পড়ার খবর পাওয়া গেছে।

রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি পাকিস্তানের দিক থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর মেশিনগান থেকে একটানা গুলিবর্ষণ করা হচ্ছে বলেও খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জম্মুর আকাশে পাকিস্তানি ড্রোনও দেখা গিয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী এবং প্রতিরক্ষা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে পাকিস্তানের ছোড়া আটটি ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করে আকাশেই ধ্বংস করা হয়েছে, যার ফলে বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এই হামলার জেরে জম্মু শহর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শহর জুড়ে বাজছে আপৎকালীন সাইরেন। নিরাপত্তা এবং সতর্কতা অবলম্বনের জন্য জম্মু শহরে ব্ল্যাকআউট জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকার পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ রয়েছে।