“কাজের ধরন বদলে দিচ্ছে এআই”-এবার চাকরির খোঁজ দিতে AI ব্যবহার করবে লিংকডইন

পেশাদারদের জন্য অন্যতম জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম লিংকডইন চাকরিপ্রার্থীদের জন্য নতুন একটি সুবিধা নিয়ে আসছে। চাকরির পদের নাম ও স্থানের প্রচলিত ফিল্টারের বাইরে গিয়ে আরও ভালো এবং নিজেদের জন্য সঠিক নতুন চাকরি খুঁজে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার করবে প্ল্যাটফর্মটি।
মাইক্রোসফটের মালিকানাধীন সেবাটি জানিয়েছে, এআই-চালিত তাদের নতুন এই চাকরি খোঁজার ব্যবস্থা ব্যবহারকারীদের তাদের পছন্দের চাকরি আরও নিখুঁতভাবে খুঁজে বের করতে সাহায্য করবে। এক্ষেত্রে লোকেশন, ইন্ডাস্ট্রি ও পদের নাম ফিল্টার ব্যবহার না করে ব্যবহারকারীরা সরাসরি যা খুঁজছেন তা বাক্যবন্ধ আকারে লিখে সার্চ করতে পারবেন। এর মানে হচ্ছে ব্যবহারকারীরা এখন চাকরি খোঁজার জন্য “ফ্যাশনে এন্ট্রি-লেভেল ব্র্যান্ড ম্যানেজার পদ খুঁজে দিন” বা “টেকসই চ্যালেঞ্জ সমাধান করতে ভালোবাসেন এমন বিশ্লেষকদের জন্য চাকরি”র মতো নিজস্ব চাহিদামাফিক বাক্যাংশ ব্যবহার করে চাকরি খুঁজতে পারবেন।
চাকরির বাজারে এআইয়ের প্রভাব এবং এর ফলে অনেক প্রচলিত চাকরি হারানোর আশঙ্কা নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই লিংকডইন এই নতুন আপডেটটি দিল। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, এআই ভবিষ্যতে অনেক প্রশাসনিক চাকরি মানুষের কাছ থেকে কেড়ে নিতে পারে। গত সপ্তাহে প্রকাশিত এক সমীক্ষায় উঠে এসেছে, প্রতি চারজনের মধ্যে একজন কর্মী ভীত যে, তাদের চাকরি হারানোর কারণ হতে পারে এআই এবং পাঁচ জনের মধ্যে একজন উদ্বিগ্ন থাকেন এই ভেবে যে, এআই ভুলও করতে পারে।
তবে, লিংকডইন-এর জারা ইস্টন বলেছেন, কোম্পানি বিশ্বাস করে, এই প্রযুক্তি মানুষের জন্য নতুন চাকরি ও ক্যারিয়ারের পথ খুঁজে পাওয়াকে সহজ করে তুলবে। বিশেষ করে তাদের বেলায় এটি বেশি কার্যকর হবে, যারা নতুন চাকরি বা পদ এলেও সেগুলোকে প্রচলিত পদ্ধতিতে খোঁজা বা বিষয়গুলো বুঝতে পারা কঠিন বলে মনে করেন।
জারা ইস্টন আরও বলেন, “আমাদের কাজের ধরন বদলে দিচ্ছে এআই। আর লিংকডইনে চাকরি খোঁজার ধরনও পুরোপুরি বদলে দেবে এটি। এসব পরিবর্তনের মাধ্যমে মানুষ তাদের পরবর্তী কাজের সুযোগ খুঁজে পাবেন।” তিনি যোগ করেন, “আমরা আশা করছি, এ নতুন পদ্ধতিতে চাকরি ও নতুন ক্যারিয়ার পথ খুঁজে পাওয়ার মাধ্যমে চাকরিপ্রার্থীদের দক্ষতা, আগ্রহ ও লক্ষ্যকে একসঙ্গে করে তারা তাদের পরবর্তী পদক্ষেপ খুঁজে পাবেন।” তিনি গুরুত্ব আরোপ করে বলেন, “যেহেতু কাজের ধরন বদলাচ্ছে ও নতুন চাকরি আসছে, যেগুলো কয়েক বছর আগে ছিল না, তাই দক্ষতা এখন আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ এবং আমাদের এআই-চালিত বিভিন্ন টুল মানুষকে তাদের নিজস্ব পথ খুঁজে নিতে সাহায্য করবে।”