“ভারতের ধৈর্যের পরীক্ষা নিলে…?”-পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার পাকিস্তানকে ভারতের ধৈর্যের পরীক্ষা না নেওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও রকম উস্কানি দেওয়া হলে তার ‘বড়সড় প্রতিক্রিয়া’ জানানোর জন্য ভারত সম্পূর্ণ প্রস্তুত।

রাজনাথ সিং সশস্ত্র বাহিনীর প্রশংসা করে বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী যে সাহস ও শৌর্য দেখিয়েছে তার জন্য আমি তাদের অভিনন্দন জানাই। তারা যেভাবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী শিবির ধ্বংস করেছে তা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয়।”

প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, ভারত বরাবরই একটি দায়িত্বশীল জাতি হিসেবে অত্যন্ত সংযমের সঙ্গে কাজ করেছে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী। তবে তিনি একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, “কিন্তু এর অর্থ এই নয় যে কেউ আমাদের ধৈর্যের অপব্যবহার করতে পারে। এমনটা হলে তার যোগ্য জবাব দেওয়া হবে।”

এই সাফল্যের কৃতিত্ব ভারতের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং উন্নত যুদ্ধাস্ত্রকে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, “এটি সম্ভব হয়েছে কারণ আমাদের শক্তিশালী এবং পেশাদারভাবে প্রশিক্ষিত বাহিনীর কাছে উচ্চমানের সরঞ্জাম রয়েছে।”

তিনি আরও বলেন, সরকার প্রতিরক্ষা উৎপাদনে গুণমান এবং পরিমাণের উপর সমানভাবে গুরুত্ব আরোপ করেছে। এই ক্ষেত্রে দ্রুত উন্নতি আনতে অর্ডন্যান্স কারখানার কর্পোরেটাইজেশনের মতো বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

রাজনাথ সিং আত্মনির্ভরতার উপর জোর দিয়ে বলেন, “যতদিন আমরা বিদেশ থেকে অস্ত্র আমদানি করব, ততদিন আমরা সত্যিকার অর্থে শক্তিশালী হতে পারব না। তাই আমরা আত্মনির্ভরতার ওপর জোর দেব।” তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন যে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা শক্তিতে পরিণত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে বলেও তিনি জানান।