যে দুই তারকাকে কখনও নিজের শোয়ে ডাকবেন না করণ, জানালেন তিনি নিজেই!

২০০৪ সালে প্রথম সম্প্রচার হয়েছিল ‘কফি উইথ করণ’। শাহরুখ খান ও কাজল ছিলেন ‘কফি উইথ করণ’-এর প্রথম অতিথি। এরপর সালমান খান, আমির খান থেকে অক্ষয় কুমার, রণবীর কাপুর থেকে রণবীর সিং-সহ বহু তারকাকে এ শোতে দেখা গেছে।
সম্প্রতি এই শোতে এসেছিলেন শাহিদ কাপুর সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। যেখানে জমে ওঠে নানা রকম গল্পের আসর। ফাঁস হয় অনেক গোপন তথ্য।শুধু তাই নয়, এই শো নিয়ে দর্শকদের মধ্যে নানা রকম ট্রোল ও করতে দেখা যায়।সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে করণ বলেছেন, কাদের তিনি তাঁর শোয়ে ডাকতে চান না।
করণের কথায়, প্রথম জন রেখা। কেন তাঁকে ডাকতে চান না করণ? সঞ্চালক বলেছেন, এক সময়ে তিনি রেখাকে তাঁর শোয়ে ডাকার কথা ভেবেছিলেন। সেটিও বহু বছর আগের কথা। তিনি বলেছেন, ‘একবার রেখা ম্যামের সঙ্গে এই নিয়ে কথা বলেছিলাম। কয়েক বছর আগেও আবার বলি। ওঁকে আমার শোয়ে ডাকতে চেয়েছিলাম। কিন্তু রাজি করাতে পারিনি। কিন্তু তার পরে আমারই অন্য কথা মনে হল। মনে হল, ওঁর মধ্যে একটা রসহ্যময় সৌন্দর্য আছে। সেই রহস্যময়তাটা থাক না। ওটা সব সময় থেকে যাওয়া উচিত। আমাদেরও উচিত ওটা রক্ষা করা। তাই এর পরে আর ওঁকে ডাকার চেষ্টা করিনি।’
এ তো গেল এক জনের কথা। অন্যজন কে? কেন তাঁকেও ডাকতে চান না করণ। তিনি বলেছেন, দ্বিতীয় জন তাঁর বন্ধু এবং ‘গুরু’ আদিত্য চোপড়া। করণের কথায়, এটিও বড় চ্যালেঞ্জ। মজা করে তিনি বলেছেন, ‘আমি কি কখনও আদিকে (আদিত্য চোপড়া) আমার শোয়ে ডাকব? মনে হয় না, আমার অথ সাহস আছে। ভাবতেই ভয় করে।’