শ্বশুরবাড়িতে উদ্ধার গৃহবধূর নিথর দেহ! স্বামী-সহ বাড়ির সকলের বিরুদ্ধে খুনের অভিযোগ, ঠিক কী হয়েছিল?

গোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের খাটোগ্রাম এলাকায় শ্বশুরবাড়িতে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। মৃতার পরিবারের অভিযোগ, স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন তাঁকে খুন করেছে। এই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে মৃতার স্বামী গঙ্গা দাসকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম পূজা দাস (২৫)। প্রায় ১০ বছর আগে গোঘাটের রাজগ্রামের বাসিন্দা পূজার সঙ্গে খাটোগ্রামের বাসিন্দা গঙ্গা দাসের বিয়ে হয়েছিল। মৃতার বাপের বাড়ির লোকজন গোঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগপত্রে মৃতার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বিয়ের পর থেকেই স্বামী গঙ্গা দাস, শাশুড়ি-সহ শ্বশুরবাড়ির অন্যান্য লোকজন পূজার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত। মৃতার বাড়ির লোকজনের আরও অভিযোগ, গতকাল রাতে শ্বশুরবাড়ির সবাই মিলে পূজাকে খুন করে এবং প্রমাণ লোপাটের জন্য বাড়ির সামনে একটি গাছে তাঁর দেহ ঝুলিয়ে দেয়। তাঁরা পূজার শ্বশুরবাড়ির অভিযুক্ত লোকজনের কঠোর শাস্তির দাবি করেছেন।

মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গোঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার স্বামী গঙ্গা দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর আসল কারণ জানতে পুলিশি তদন্ত চলছে। শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু এবং খুনের অভিযোগ ঘিরে খাটোগ্রাম এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের আবহ তৈরি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।