‘অপারেশন সিঁদুর’ মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসন! অঞ্চলের প্রতিটি মুসলিমকে যুদ্ধে যোগদান করার ডাক আল কায়েদার

ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল কুখ্যাত জঙ্গি সংগঠন আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)। গত ৭ মে, সংগঠনটি ইংরেজি এবং উর্দুতে একটি বিবৃতি জারি করে ভারতের ৬ মে রাতে পাকিস্তানের ছয়টি স্থানে বিমান হামলার তীব্র নিন্দা করেছে। AQIS এই হামলাকে “হিন্দুত্ব-চালিত ভগব শাসন” কর্তৃক মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে চিহ্নিত করেছে এবং ঘোষণা করেছে যে এই হামলার জন্য এই অঞ্চলের প্রতিটি মুসলিমকে ভারতের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করতে হবে।

“পাকিস্তানের ভূমিতে ভারতীয় আগ্রাসন” শিরোনামে জারি করা বিবৃতিতে AQIS দাবি করেছে যে ৬ মে রাতে ভারতীয় ‘ভাগওয়া’ সরকার বিশেষ করে মসজিদ এবং বসতিগুলিকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, এই বোমা হামলায় অসংখ্য মুসলমান শহীদ ও আহত হয়েছে। AQIS বলেছে, এই বোমা হামলা ‘ভাগওয়া’ সরকারের অপরাধের দীর্ঘ তালিকায় আরও একটি অন্ধকার অধ্যায় যুক্ত করেছে।

বিবৃতিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা প্রতিটি মুসলিমের জন্য অবশ্যকর্তব্য বা ফরজ ঘোষণা করা হয়েছে। AQIS এই যুদ্ধকে ‘জিহাদ ফি সাবিলিল্লাহ’ (আল্লাহর পথে জিহাদ) হিসেবে আখ্যা দিয়েছে। জঙ্গি সংগঠনটি এই অঞ্চলের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার জন্য। জিহাদকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে AQIS প্রত্যেকটি জিহাদি সংগঠনকেও এই সময়ে একত্রিত হওয়ার ডাক দিয়েছে। বিবৃতিতে মুসলমানদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিশোধ না নেওয়া এবং ইসলামী শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেছে AQIS।

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে আল-কায়েদার এই সরাসরি যুদ্ধের হুঙ্কার এবং সমগ্র অঞ্চলের মুসলিমদের প্রতি জিহাদের আহ্বান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। এই বিবৃতি দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের হুমকিকে নতুন মাত্রা দিয়েছে।