মাত্র ৫০ দিনে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ! আগামী বছর থেকে চালু সেমিস্টার হিসাব, কীভাবে হবে পরীক্ষা? জানুন বিস্তারে

পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৫০ দিনের মধ্যেই প্রকাশিত হয়ে গেল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বহু প্রতীক্ষিত ফলাফল। বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবারের ফলাফল যেমন জেলাগুলির সাফল্যের গল্প বলেছে, তেমনই এটি ছিল বার্ষিক পদ্ধতির শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হলো, আগামী বছর অর্থাৎ ২০২৬ সাল থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে নেওয়া শুরু হবে এবং সেই পরীক্ষার বিস্তারিত সময়সূচীও আজ ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গই দেশের প্রথম স্কুল বোর্ড যারা উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু করছে।

এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ণ পাল, বর্ধমানের সিএনএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ ৪৯৭ নম্বর (৫০০-এর মধ্যে) পেয়ে রাজ্যে সেরার শিরোপা জিতেছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৯০.৭৯ শতাংশ, যা গত ১০ বছরের মধ্যে (করোনা কাল বাদ দিয়ে) সব থেকে ভালো ফলাফল। মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকেও এবার কলকাতাকে পিছনে ফেলে জেলার জয়জয়াকার। মেধাতালিকায় মোট ৭২ জন কৃতী রয়েছেন, হুগলি থেকে ১৪ জন মেধাতালিকায় জায়গা পেয়েছেন, যা একক জেলা হিসেবে সর্বোচ্চ। ছাত্রদের পাশের হার ৯২.৩ শতাংশ, ছাত্রীদের পাশের হার ৮৮.১৩ শতাংশ। এবার ছাত্রদের থেকে মেয়ে পরীক্ষার্থীর হার বেশি ছিল, কিন্তু পাশের হারে ছাত্ররা এগিয়ে গেছে। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ‘রেগুলার ভিত্তিতে’ মোট পরীক্ষার্থী ছিল ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। উত্তীর্ণ হয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন।

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কড়া নিরাপত্তায় পরীক্ষা নেওয়া হয়েছিল। এই বছরই প্রথম মেটাল ডিটেক্টরের ব্যবহার করা হয়। পরীক্ষা চলাকালীন আট জনকে মোবাইল ফোন সহ ধরা হয়েছিল, তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে আশার কথা হলো, প্রশ্নপত্র ফাঁসের কোনও ঘটনা ঘটেনি। এবারের মার্কশিটেও কিছু নতুনত্ব আনা হয়েছে। মার্কশিটে নম্বর থাকার পাশাপাশি পার্সেন্টাইলও রাখা হয়েছে এই বছরই প্রথম। এছাড়াও মার্কশিটে থাকছে কিউআর কোড। দুপুর ২ টো থেকে পরীক্ষার্থীরা অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পারছেন।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার সেমিস্টার পদ্ধতির সময়সূচী ঘোষণা করেছে। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা শুরু হবে ৪ সেপ্টেম্বর, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ফোর্থ বা চতুর্থ সেমেস্টার শুরু হবে ১২ ফেব্রুয়ারি, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের অপশনাল ইলেক্টিভ পরীক্ষা রয়েছে, যা সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত চলবে।

যারা এই বছর উচ্চমাধ্যমিকে পাশ করতে পারেনি, তাদের জন্য সংসদ একটি বিশেষ ব্যবস্থা রেখেছে। তাদের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যেই হবে, তবে সেটি পুরনো পদ্ধতিতে। এদিকে, ফলপ্রকাশের পর পিপিএস (Post Publication Scrutiny) এবং পিপিআর (Post Publication Review) এর সময়সূচীও ঘোষণা করা হয়েছে। বুধবার মধ্যরাত থেকে তৎকাল পিপিএস এবং পিপিআর চালু হয়ে যাচ্ছে যা খোলা থাকবে ১১ মে পর্যন্ত। নরমাল পিপিএস ও পিপিআর আজ থেকে ২২ মে পর্যন্ত চালু থাকবে।

সব মিলিয়ে, মাত্র ৫০ দিনে ফলাফল প্রকাশ করে সংসদ একদিকে যেমন দ্রুততা দেখাল, তেমনই বার্ষিক পদ্ধতির সমাপ্তি এবং আগামী বছর থেকে সেমিস্টার সিস্টেমের বিস্তারিত সময়সূচী ঘোষণার মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ভবিষ্যৎ রূপরেখাও স্পষ্ট করে দিল। জেলাগুলির ভালো ফল এবং রেকর্ড সংখ্যক মেধাতালিকা এবারের ফলাফলকে বিশেষভাবে চিহ্নিত করেছে।