“সন্তানদের মুগ্ধ করতেই মেট গালায় এসেছি, এটাই হয়তো শেষ…”-জানালেন শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খানের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। ৫৯ বছর বয়সে এসে অবশেষে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট মেট গালায় অভিষেক হলো কিং খানের। ২০২৫ সালের বহু প্রতীক্ষিত মেট গালার রেড কার্পেটে এই প্রথমবার হেঁটে ইতিহাস তৈরি করলেন তিনি। তার নিজস্ব রাজকীয় স্টাইল এবং নজরকাড়া উপস্থিতিতে মুগ্ধ হয়েছে নিউইয়র্কের এই বিশ্বখ্যাত ফ্যাশন ইভেন্টের দর্শক ও সমালোচকরা।
সোমবার সন্ধ্যায় (ভারতীয় সময় মঙ্গলবার দিবাগত রাত প্রায় তিনটা ৩০ মিনিট) যখন বহু প্রতীক্ষিত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫ শুরু হয়, তখনই অনুষ্ঠানস্থলে হাজির হন কিং খান। রেড কার্পেটে প্রবেশ করার আগে সাংবাদিকদের দিকে তাকিয়ে তিনি সেই চিরচেনা জনপ্রিয় হাসি দিয়ে বলেন, “আমি শাহরুখ।”
এদিন বলিউড বাদশাহ তাঁর নিজস্ব সিগনেচার স্টাইলে মেট গালার রেড কার্পেটে হেঁটেছেন বিখ্যাত ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি কালো স্যুটে। এবারের মেট গালার থিম ছিল ‘সুপারফাইন: টেলোরিং ব্ল্যাক স্টাইল’। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে শাহরুখ পরেছিলেন তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি মাটি ছোঁয়া একটি লম্বা কোট। কোটে ছিল জাপানিজ হর্নের বিশেষ বোতাম। পোশাকের সঙ্গে তিনি পরেছিলেন সিল্কের কালো শর্ট এবং প্যান্ট। কোমরে ছিল একটি কোমর বন্ধনী, যা পোশাকে ভিন্ন মাত্রা যোগ করেছিল। এছাড়া, শাহরুখের পোশাকে এদিন একাধিক নজরকাড়া গয়না দেখা গেছে, যার মধ্যে ছিল সোনা, হীরে, নীলা সহ আরও অনেক মূল্যবান পাথর।
উল্লেখ্য, এদিন শাহরুখের পোশাকে কাঁধে কোনো শোল্ডার প্যাড বা ঝুলন্ত কাপড় দেখা যায়নি। এই বিষয়ে কিং খান নিজেই বলেছেন, “আমি শোল্ডার প্যাড পরতে চাই না। ওটা পরলে আমাকে এরোপ্লেনের মতো লাগবে।”
এরপর শাহরুখ নিজেই জানান যে, আসলে তিনি মেট গালায় অংশ নিয়েছেন তাঁর সন্তানদের জন্যই। কিং খান বলেন, “আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা মেট গালা নিয়ে দারুণ উত্তেজিত। আমি নিজে থেকে আদৌ আসতাম কিনা জানি না। কিন্তু যখন সব্যসাচী (মুখোপাধ্যায়) আমাকে আসার বুদ্ধি দিল, তখন ওরা (সন্তানরা) দারুণ খুশি হয়।” তিনি আরও বলেন, “আমি এখনও জানি না এটা সত্যি দারুণ কিছু কিনা। কিন্তু ওরা বলল, তোমাকে ওখানে দারুণ লাগবে।”
চমক দিয়ে বললেন ‘এটাই হয়তো আমার শেষ মেট গালা’
তবে মেট গালায় প্রথমবার অংশ নিয়েই সবাইকে চমকে দিয়ে বলিউড বাদশাহ বলেন, “এটাই হয়তো আমার শেষ মেট গালা।” তিনি যোগ করেন যে, প্রথমবার অংশ নিয়েই তিনি মেট গালায় ইতিহাস তৈরি করেছেন।
প্রসঙ্গগত, নিউইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর এই ঐতিহ্যবাহী ফ্যাশন ইভেন্টটি অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার এবং মডেলরা অংশ নিতে আসেন। এই বছরের মেট গালায় শাহরুখ ছাড়াও, বলিউড থেকে প্রিয়াঙ্কা চোপড়া এবং কিয়ারা আদভানির মতো তারকারাও উপস্থিত ছিলেন।
সব মিলিয়ে মেট গালায় শাহরুখ খানের প্রথম উপস্থিতি একদিকে যেমন ফ্যাশনপ্রেমীদের মুগ্ধ করেছে, তেমনই তাঁর শেষ মেট গালা সংক্রান্ত মন্তব্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।