ভারত-পাক যুদ্ধে কার অর্থনীতিতে ক্ষতি বেশি?- কি জানাচ্ছে ‘মুডিজ়’-এর রিপোর্ট

কাশ্মীরকে ঘিরে ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া চরম উত্তেজনা পাকিস্তানের এমনিতেই ভঙ্গুর অর্থনীতিকে আরও গভীর ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি যদি যুদ্ধের দিকে এগোয়, তবে অর্থনৈতিক দিক থেকে ভারতের চেয়ে পাকিস্তানেরই ক্ষতি হবে বহুগুণ বেশি। এমনটাই আশঙ্কার কথা উঠে এসেছে আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজ় ইনভেস্টর সার্ভিসের একটি সাম্প্রতিক রিপোর্টে। রিপোর্টে বলা হয়েছে, এই সংঘাতের আবহে পাকিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধার মারাত্মকভাবে ধাক্কা খেতে পারে এবং দেশটির ঋণের বোঝা আরও বেড়ে যেতে পারে।
পাকিস্তানের অর্থনীতিতে তীব্র আঘাতের আশঙ্কা
মুডিজ়ের বিশ্লেষণ অনুযায়ী, “ভারতের সঙ্গে সম্পর্কের উত্তাপ বৃদ্ধির জেরে পাকিস্তানের অর্থনীতিতে এক জোরাল ধাক্কা লাগতে পারে।” ম্যাক্রোইকনমিক স্থিরতা ফিরিয়ে আনতে পাকিস্তান সরকার বর্তমানে যে আর্থিক সংহতকরণের (ফিসকাল কনসলিডেশন) চেষ্টা চালাচ্ছে, এই উত্তেজনার কারণে সেটিও ব্যাপক ধাক্কা খাবে। রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতের সঙ্গে যুদ্ধে জড়ালে পাকিস্তানের পক্ষে বিপুল অঙ্কের আন্তর্জাতিক ঋণ শোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। মুডিজ়ের পূর্বাভাস অনুযায়ী, “উত্তেজনা বাড়লে পাকিস্তান বাইরের বিভিন্ন উৎস থেকে আর্থিক সাহায্য পাওয়া কমতে পারে। যা দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের উপর তীব্র চাপ তৈরি করবে।” এর ফলে আগামী কয়েক বছর বিপুল পরিমাণ ঋণ শোধ করার ব্যাপারে মারাত্মক অনিশ্চয়তা দেখা দেবে।
পাকিস্তান অর্থনীতির নাজুক পরিস্থিতি
প্রসঙ্গতো উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই পাকিস্তানের অর্থনীতি চরম টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বিপুল পরিমাণ ঋণের বোঝা এবং লাগামহীন মুদ্রাস্ফীতির জেরে দেশটির অর্থনীতি কার্যত ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আর্থিক সাহায্য পাওয়ার পর পাকিস্তানের অবস্থার কিছুটা উন্নতি হলেও, বহু বিশেষজ্ঞ এখনও সতর্ক করে বলেছেন যে পাক অর্থনীতি বিপদসীমার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এই নাজুক পরিস্থিতিতেই গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও সামরিক প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। ঠিক এমন এক সঙ্কটময় পরিস্থিতিতেই এল মুডিজ়ের এই উদ্বেগজনক সতর্কবার্তা।
ভারতের উপর প্রভাব সীমিত, তবে দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি
পাকিস্তানের সঙ্গে এই ক্রমবর্ধমান উত্তেজনার জেরে ভারতের অর্থনীতি কতটা প্রভাবিত হতে পারে, সে বিষয়েও একটি পূর্বাভাস দিয়েছে মুডিজ়। সংস্থাটি মনে করছে, ভারতের ম্যাক্রোইকনমিক পরিস্থিতি পাকিস্তানের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং স্থিতিশীল। এছাড়া, পাকিস্তান ও ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণও সামগ্রিকভাবে মোটেই উল্লেখযোগ্য নয়। তাই এই উত্তেজনার কারণে ভারতের অর্থনীতিতে খুব বড়সড় নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করছে মুডিজ়।
তবে রিপোর্টে এও বলা হয়েছে যে, যদি দু’দেশের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো সংঘাত বা যুদ্ধ চলতে থাকে, তবে ভারতের প্রতিরক্ষা খাতে খরচ অনেকটা বেড়ে যাবে। সে ক্ষেত্রে ভারতের ফিসকাল কনসলিডেশনের প্রক্রিয়া কিছুটা মন্থর হতে পারে এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক বৃদ্ধির গতি শ্লথ হওয়ার আশঙ্কা থাকবে।
সব মিলিয়ে, মুডিজ়ের রিপোর্ট স্পষ্ট করে দিয়েছে যে, ভারত-পাকিস্তান সংঘাতের অর্থনৈতিক মূল্য পাকিস্তানকে ভারতের চেয়ে অনেক বেশি চড়া দামে চোকাতে হবে এবং এই পরিস্থিতি পাকিস্তানের জন্য একটি বড়সড় আর্থিক বিপদ ডেকে আনতে পারে।