ওড়িশা, মহারাষ্ট্রে বাঙালিদের উপর অত্যাচার! বিস্ফোরক অভিযোগ মমতার

সাম্প্রতিক অশান্তির ঘটনার পর এই প্রথম মুর্শিদাবাদ জেলায় পা রাখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় পৌঁছেই তিনি রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিয়ে সরব হয়েছেন এবং বিস্ফোরক অভিযোগ তুলেছেন যে অন্য রাজ্যে বাংলার শ্রমিকদের শারীরিক নিগ্রহের শিকার হতে হচ্ছে।

সোমবার মুর্শিদাবাদ সফরে এসে মুখ্যমন্ত্রী সরাসরি জেলা শাসকের দফতরে বিধায়কদের সাথে বৈঠক করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ভিন রাজ্যের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। মূলত ওড়িশা সহ কয়েকটি রাজ্যে বাংলার শ্রমিকদের উপর হওয়া অত্যাচারের অভিযোগ নিয়েই তিনি মুখ খোলেন।

মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা আমাদের লোকেদের মারছেন কেন? আমি খবর পাচ্ছি, শুধু বাংলায় কথা বলার জন্যই পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে। বিশেষ করে ওড়িশা, মহারাষ্ট্র এবং বিহারে এমন ঘটনা ঘটছে।” তিনি জোর দিয়ে বলেন, “আপনারা অত্যাচার করছেন বলেই যে আমরাও করব, এমনটা নয়। আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি বাইরের লোক কাজ করেন। আমি চাই না তাদের কারও সঙ্গে কোনও ভুল বোঝাবুঝি হোক।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ কারণ এর কয়েকদিন আগেই বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি দিয়ে অভিযোগ জানান যে ওড়িশায় মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে। তাদের মারধরের পাশাপাশি আধার কার্ড ছিঁড়ে ফেলার মতো ঘটনাও ঘটছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন। ইউসুফ পাঠান দাবি করেন, প্রাণের ভয়ে মুর্শিদাবাদ থেকে যাওয়া বহু শ্রমিক কাজ ছেড়ে রাজ্যে ফিরতে বাধ্য হচ্ছেন। মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্য সাংসদ ইউসুফ পাঠানের অভিযোগকেই কার্যত সমর্থন করল। অশান্তির আবহে মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের শ্রমিকদের নিরাপত্তা ইস্যুতে সরব হয়ে একদিকে যেমন ভিন রাজ্যকে হুঁশিয়ারি দিলেন, তেমনই রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন।