বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! অভিনেতা আজাজ খানের বিরুদ্ধে অভিনেত্রীর ধর্ষণের অভিযোগ

বিনোদন জগতে আবারও যৌন হেনস্থা ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ। এবার অভিযোগের কেন্দ্রে জনপ্রিয় অভিনেতা আজাজ খান। এক তরুণী অভিনেত্রী তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ তুলেছেন। মুম্বইয়ের চারকপ থানায় দায়ের হওয়া এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ, যার ফলে গ্রেফতারির মুখে পড়েছেন অভিনেতা।

অভিনেত্রী তাঁর অভিযোগে জানিয়েছেন, অভিনেতা আজাজ খান তাঁকে বিভিন্ন প্রোজেক্টে, বিশেষ করে সদ্য শুরু হওয়া ওটিটি শো ‘হাউস অ্যারেস্ট’-এ কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কাজের সুযোগ করে দেওয়ার এই প্রলোভনের সঙ্গেই আজাজ তাঁকে প্রেম ও বিয়ের প্রস্তাবও দেন বলে অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, এই প্রতিশ্রুতি ও সম্পর্কের সুযোগ নিয়েই গত ২৫ মার্চ আজাজ অভিনেত্রীকে নিজের বাড়িতে ডাকেন এবং সেখানেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করেন। এখানেই শেষ নয়, অভিনেত্রীর আরও দাবি, এরপরও নাকি বেশ কয়েকবার আজাজ তাঁর উপর যৌন নির্যাতন চালিয়েছেন। আজাজ নাকি তাঁকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি তাঁর সব দায়িত্ব নেবেন এবং তিনি প্রয়োজনে চারটি বিয়েও করতে পারেন বলে অভিনেত্রীকে জানিয়েছিলেন!

লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই চারকপ থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৪ (২), ৬৯ ও ৭৪ নম্বর ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ধারগুলো মূলত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণ সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রেই প্রযোজ্য হয়।

উল্লেখ্য, অভিনেতা আজাজ খান ইতিমধ্যেই তাঁর নতুন রিয়েলিটি শো ‘হাউস অ্যারেস্ট’ নিয়ে বিতর্কে জড়িয়েছেন। ওটিটি প্ল্যাটফর্ম ‘উল্লু’-তে প্রচারিত এই শোয়ের বিষয়বস্তু নিয়ে অশ্লীলতা ও মহিলাদের সম্মানহানির অভিযোগ তুলেছে বজরঙ্গ দল। এই অভিযোগের ভিত্তিতে আম্বোলি থানায় আজাজ ও শোয়ের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন 2000-এর সেকশন ৬৭ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এমনকি, ন্যাশনাল কমিশন অফ ওমেন (NCW) এই শো নিয়ে উদ্বেগ প্রকাশ করে ‘উল্লু’-র সিইও বিভু আগরওয়াল ও আজাজ খানকে ৯ মে কমিশনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।

একদিকে বিতর্কিত শো নিয়ে আইনি ঝামেলা, অন্যদিকে এক অভিনেত্রীর আনা ধর্ষণের মতো অত্যন্ত গুরুতর অভিযোগ—সব মিলিয়ে অভিনেতা আজাজ খান এখন বড়সড় আইনি এবং ব্যক্তিগত সংকটে। মুম্বই পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনা করে গভীর তদন্ত শুরু করেছে এবং অভিনেতাকে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে।