নির্মীয়মান ফ্ল্যাটে বল ঢুকে যাওয়ায় দুই যুবককে বাঁশপেটা করার অভিযোগ, গ্রেফতার প্রোমোটার

স্রেফ একটি বল নির্মীয়মাণ ফ্ল্যাটে ঢুকে যাওয়াকে কেন্দ্র করে ঘটল চরম বিপত্তি। বল আনতে গিয়ে বাঁশপেটার শিকার হলেন দুই যুবক। ঘটনাটি ঘটেছে কলকাতার রিজেন্ট পার্ক এলাকার পূর্ব পুঁটিয়ারিতে। অভিযুক্ত প্রোমোটারের নাম প্রাণতোষ সাহা। তাঁর বিরুদ্ধে এলাকার দুই যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এবং পুলিশ তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে।

আক্রান্ত এক যুবকের জ্যেঠিমা জানান, যে জায়গায় প্রমোটিংয়ের কাজ চলছিল, তার পাশে একটি ফাঁকা মাঠ রয়েছে। সেখানেই ওই যুবকরা খেলছিল। খেলতে খেলতেই তাদের বল নির্মীয়মাণ ফ্ল্যাটের ভিতরে ঢুকে যায়। বলটি আনতে গেলে ওই যুবকদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

আক্রান্ত যুবকদের বয়ান অনুযায়ী, হামলার সময় প্রোমোটার প্রাণতোষ সাহা সম্ভবত একটি ঘরের ভিতর বসে মদ্যপান করছিলেন। এরপর তিনি হঠাৎ বাঁশ হাতে বেরিয়ে এসে তাদের উপর চড়াও হন। অভিযোগ, প্রাণতোষ সাহা এবং তার সঙ্গে থাকা আরও চার-পাঁচজন মিলে যুবকদের বেধড়ক বাঁশ দিয়ে পেটাতে শুরু করেন। মারধরের পাশাপাশি বাবা-মা তুলে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয় বলে অভিযোগ। আক্রান্ত যুবকের জ্যেঠিমা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওই প্রোমোটারেরও তো দুটো সন্তান রয়েছে, যার ঘরে বাচ্চা রয়েছে, তিনি কীভাবে এমনভাবে মারতে পারেন!”

অভিযোগ, এই মারধরের জেরে এক যুবকের হাত ভেঙে গিয়েছে এবং অন্য একজনের পা ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারাই। এরপর দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনায় এলাকার বাসিন্দারাই একজোট হয়ে অভিযুক্ত প্রোমোটার প্রাণতোষ সাহার বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

নিগৃহীত এক যুবক ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আমরা বল আনতে চার জন ঢুকেছিলাম। উনি (প্রোমোটার) একটি বাঁশ নিয়ে একটা ঘর থেকে বেরিয়ে আসেন। আমার দুই বন্ধু সেটা দেখে ভয়ে পালিয়ে যায়। তারপর বাঁশ চালিয়ে দেন ওই ব্যক্তি আমার উপর।”

একটি খেলার বল মাত্র, তা কুড়িয়ে আনতে গিয়ে এমন বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।