এক কোপে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলল স্ত্রী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

পারিবারিক অশান্তি চরমে উঠেছিল। রাগ করে বাপের বাড়ি গিয়েছিলেন স্ত্রী। আর সেই রাগ ভাঙিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি যাওয়াই কাল হলো স্বামীর। অভিযোগ, সেখানেই ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়েছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের বালুচর গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আক্রান্ত স্বামী আব্দুল রহমান (৩৮)।

স্থানীয় সূত্রে খবর, আব্দুল রহমান ও তাঁর স্ত্রীর মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকত। সম্প্রতি ঝগড়ার পর স্ত্রী বাপের বাড়ি চলে যান। স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে আব্দুল শ্বশুরবাড়ি যান। কিন্তু সেখানেও পরিস্থিতি শান্ত হয়নি। উল্টে বিবাদ চরম আকার নেয়। অভিযোগ, বচসার মধ্যেই স্ত্রী হঠাৎ করে ধারালো অস্ত্র দিয়ে আব্দুল রহমানের গোপনাঙ্গ কেটে দেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আব্দুল। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

উল্লেখ্য, গত বছর অগস্ট মাসে উত্তর প্রদেশের লখনউয়েও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। পরকীয়ায় সন্দেহের জেরে বচসার পর স্ত্রী তাঁর স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনাতেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। মালদহের এই ঘটনা ফের একবার দাম্পত্য কলহের চরম পরিণতি সামনে আনল।