“ভারত হামলা করলে…?”-পরমাণু অস্ত্র নিক্ষেপের চরম হুঁশিয়ারি পাকিস্তানের রাষ্ট্রদূতের

পহেলগাঁও হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়েছে। এই উত্তেজনার আবহের মধ্যেই ভারতের উপর পরমাণু বোমা হামলার হুমকি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মহম্মদ জমালি।
রাশিয়ার সংবাদমাধ্যম ‘আরটি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জমালি বলেন, ভারত যদি পাকিস্তানে হামলা করে অথবা সিন্ধু নদের জলপ্রবাহ বন্ধ করে দেয়, তাহলে পরমাণু অস্ত্রের মাধ্যমে জবাব দেবে পাকিস্তান। তিনি দাবি করেন, গোয়েন্দা সূত্রে তাদের কাছে খবর আছে যে ভারত যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে। তার আরও দাবি, কিছু গোপন নথি ফাঁস হয়েছে যাতে দেখা যাচ্ছে ভারত পাকিস্তানের নির্দিষ্ট কিছু এলাকাকে নিশানা করছে এবং সেখানে শীঘ্রই হামলা হতে পারে।
রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মহম্মদ জমালি বলেছেন পাকিস্তান যেকোনো হামলার যোগ্য জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের বিকল্পের তালিকায় পরমাণু অস্ত্রও রয়েছে। তার কথায়, ভারত যদি জল বন্ধ করে দেয়, তবে তাকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল ধরা হবে এবং পাকিস্তান তার জবাব দেবে। তবে এরপরই তিনি কিছুটা নরম সুরে বলেন যে ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর রাষ্ট্র, তাই উত্তেজনা কমানো অত্যন্ত জরুরি।
এই পাক রাষ্ট্রদূত কাশ্মীর হামলার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে চিন ও রাশিয়া এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন সেনাকে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো জঙ্গি বা তাদের মদতদাতাকে ছেড়ে দেওয়া হবে না।
এরই মধ্যে পাকিস্তান ৪৫০ কিলোগ্রাম ওজনের একটি পরমাণু বোমা পরীক্ষা করার দাবি করেছে। ইসলামাবাদ জানিয়েছে, তারা সফলভাবে মাঝারি পাল্লার ‘আবদালি’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা ‘সিন্ধু’ মহড়ার অংশ ছিল। তবে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক পাক রাষ্ট্রদূতের এই ধরনের হুমকিকে ‘ফাঁকা বুলি’ বলেই মনে করছেন।