পুজোর পরেই চালু হতে পারে বন্দে ভারত স্লিপার ! জোরদার চলছে পরিকাঠামো তৈরির কাজ, টিকিটের দাম কত জানুন?

গত কয়েকমাস আগেই ঘোষণা করা হয়েছিল যে কলকাতা সংলগ্ন শিয়ালদহ স্টেশন থেকেও বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করবে। তবে ঠিক কোন রুটে এই ট্রেন চলবে, তা নিয়ে জল্পনা ছিল। সম্প্রতি একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি এবং রেলের পরিকাঠামো উন্নয়নের তৎপরতা দেখে মনে করা হচ্ছে, সম্ভবত দেশের অন্যতম ব্যস্ততম রুটে অর্থাৎ শিয়ালদহ থেকে দিল্লি পর্যন্ত ছুটবে এই দ্রুতগতির ট্রেনটি। প্রকাশিত খবর অনুযায়ী, এই রুটে বন্দে ভারতের স্লিপার ভার্সন চালু করা হতে পারে।
প্রস্তাবিত শিয়ালদহ-দিল্লি বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য পরিকাঠামো উন্নতির কাজ জোরদার গতিতে চলছে। ট্র্যাক আধুনিকরণ থেকে শুরু করে কলকাতা স্টেশন সংলগ্ন এলাকায় একটি বিশাল করিডর তৈরি করা হচ্ছে বলেও জানা যাচ্ছে। এই পরিকাঠামো উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে।
তবে কবে থেকে শিয়ালদহ-দিল্লি-শিয়ালদহ রুটে এই বন্দে ভারত স্লিপার ট্রেনের পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হবে, তা এখনও সরকারিভাবে স্পষ্ট নয়। একটি সূত্রের খবর, সম্ভবত আসন্ন দুর্গাপূজার পরেই বাংলা আরও একটি নতুন প্রজন্মের বন্দে ভারত ট্রেন পেতে পারে। আর এই ট্রেনটিই শিয়ালদহ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা থেকে দিল্লি দেশের অন্যতম ব্যস্ততম স্লিপার ট্রেন রুট। এই রুটে বর্তমানে দুরন্ত, শতাব্দী সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল করে। এই অবস্থায় শিয়ালদহ-দিল্লি-শিয়ালদহ রুটে বন্দে ভারত স্লিপার চালু হলে যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক এবং দ্রুত হবে বলে মনে করা হচ্ছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রস্তাবিত এই বন্দে ভারত ট্রেনটি আসানসোল জংশন, ধানবাদ জংশন, গয়া জংশন, ডিডি উপাধ্যায় জংশন এবং কানপুর সেন্ট্রালের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থামবে। এই সমস্ত স্টেশনে আপ এবং ডাউনে স্টপেজ পাওয়া যাবে বলেও দাবি করা হয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, শিয়ালদহ-নয়া দিল্লি রুটের বন্দে ভারত স্লিপার ট্রেনটি ১৬ কোচের হবে। সম্ভাব্য ভাড়ার বিষয়ে প্রকাশিত খবরে অনুমান করা হচ্ছে যে এসি ৩-টিয়ার কোচের দাম প্রায় ৩২০০ টাকা, এসি ২-টিয়ার কোচের দাম প্রায় ৪২০০ টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের দাম সম্ভবত ৫,৩০০ টাকা হতে পারে। তবে এগুলি প্রকাশিত খবরের ভিত্তিতে অনুমান, রেলের তরফে সরকারিভাবে ভাড়া ঘোষণা করা হয়নি।
সময়ের বিষয়ে প্রকাশিত খবর অনুযায়ী, বন্দে ভারত স্লিপার সম্ভবত শিয়ালদহ থেকে বিকেল ৪টের সময় ছাড়বে এবং পরের দিন সকাল ৭টার দিকে নয়াদিল্লি পৌঁছবে। একই ভাবে ফেরার সময় নয়া দিল্লি থেকেও বিকেল ৪টের সময় ছেড়ে পরের দিন সকাল ৭টায় শিয়ালদহ পৌঁছে দেবে। এই বিষয়ে সরকারি ভাবে এখনও কিছু নিশ্চিতভাবে জানানো না হলেও, বঙ্গ বিজেপির অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়েছে এই ট্রেনটি মাত্র ১৫ ঘণ্টায় শিয়ালদহ এবং নয়া দিল্লির মধ্যে যাত্রা করবে।
সব মিলিয়ে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে বন্দে ভারত স্লিপার পরিষেবা চালু হলে তা পশ্চিমবঙ্গের রেল যাত্রীদের জন্য একটি বড় এবং ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। এখন শুধু এই দ্রুতগতির স্লিপার ট্রেনের সরকারি উদ্বোধনের অপেক্ষা।