অপেক্ষার অবসান ! জুলাই মাসেই চালু হচ্ছে বাংলার দ্বিতীয় বৃহত্তম সেতু, উত্তরবঙ্গ যেতে লাগবে কম সময়-যানজট থেকেও মুক্তি

কলকাতা থেকে উত্তরবঙ্গ যেতে যারা নিয়মিত সড়ক পথ ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুখবর! ফরাক্কা ব্যারেজের পাশে গঙ্গার উপর নির্মিত দ্বিতীয় বৃহত্তম সেতু খুব দ্রুত চালু হতে চলেছে। এই সেতু চালু হলে কলকাতা থেকে মালদা, রায়গঞ্জ বা শিলিগুড়ি পৌঁছাতে আর বেশি সময় লাগবে না, যানজট থেকেও মিলবে মুক্তি।
১২ নম্বর জাতীয় সড়কের ওপর ফরাক্কায় অবস্থিত এই সেতুটি উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের সাথে সড়ক যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা থেকে এই অঞ্চলের যাত্রীদের একটা বড় অংশের চলাচল প্রতিদিন লেগেই থাকে পুরোনো ফরাক্কা ব্যারেজের উপর দিয়ে, যেখানে প্রতিদিন বাড়ছে যানজট।
এই যানজট কমাতে এবং বিকল্প পথ তৈরি করতে ২০১৬ সালের অক্টোবরে পুরোনো সেতু থেকে ৩০ মিটার দূরে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয় পরিবহণ মন্ত্রকের অনুমোদনের পর। ২০১৯ সালের ১ জানুয়ারি মালদায় বৈষ্ণবনগরের লক্ষ্মীপুর এবং মুর্শিদাবাদের ফরাক্কার গঙ্গার উপরে সোজাসুজি চার লেনের এই দ্বিতীয় সেতুর কাজের আনুষ্ঠানিক সূচনা হয়। এই প্রকল্পের জন্য ৫২১ কোটি টাকা বরাদ্দ হয়েছিল।
দীর্ঘ প্রায় ছ’বছর ধরে কাজ চলার পর এবার সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রকল্প আধিকারিক পি ভি স্বামী জানিয়েছেন, আগামী বেশ কিছু দিনের মধ্যেই একটি লেন চালু করে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, “ফরাক্কা থেকে মালদা যেতে বাঁদিকের প্রথম লেন সম্ভবত ১৫ জুলাই থেকে যান চলাচল শুরু করে দেওয়া সম্ভব হবে। কারণ অল্প কিছু কাজ রয়েছে সেটা শেষ হয়ে যাবে।” তিনি আরও জানান, অন্য লেনে পূজার আশেপাশে দ্বিতীয় লাইনটিও যাত্রী সাধারণের জন্য খুলে দেওয়া হবে।
উল্লেখ্য, সারা দেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতকে রেল ও সড়ক যোগাযোগে জুড়তে ছয়ের দশকে গঙ্গার উপর মূল ফরাক্কা ব্যারেজ ও সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়। ১৯৭২ সালে প্রায় ২৪০০ মিটার লম্বা সেই সেতু চালু করা হয়। কিন্তু একই সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ থাকায় সেতুর উপর চাপ ক্রমশ বাড়ছিল এবং মাঝেমধ্যে সেতুর বিভিন্ন অংশ খুলে পড়ছিল। এ কারণেই বিকল্প সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়।
বর্তমানে নতুন সড়ক সেতুর কাজ শেষের দিকে। অন্যদিকে পুরোনো রেল সেতুর ওপর চাপ কমাতে দ্বিতীয় রেল ব্রিজ নির্মিত হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে রেল সেতু আগামী দিনে নির্মাণ করা হবে এবং এর ফলে মূল ব্যারেজ সেতুর উপর চাপ অনেকটাই কমে যাবে।
নতুন সড়ক সেতুটি চালু হলে সড়ক পথে উত্তরবঙ্গগামী যাত্রীদের আর যানজট পোহাতে হবে না। অতি দ্রুততার সঙ্গে তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবেন, যা ভ্রমণপিপাসুদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। ফরাক্কায় দ্বিতীয় সেতুর উদ্বোধন উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগকে আরও সুগম করে তুলবে এবং পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।