“ভাবতে পারিনি মাধ্যমিকে প্রথম হব..”-মাধ্যমিকে শীর্ষস্থানে রায়গঞ্জের আদৃত, জানালো মনের কথা

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলাফলে রাজ্যে প্রথম স্থান অধিকার করে নিয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। রায়গঞ্জ শহরের ২৩ নং ওয়ার্ডের বাসিন্দা আদৃত এই ফলাফলে প্রথমে খানিকটা অবাক হয়েই গিয়েছিল। তার সহজ স্বীকারক্তি, “ভাবতে পারিনি যে আমি প্রথম হব।” তবে এদিন তাঁর প্রথম হওয়ার খবর শুনেই আপ্লুত হয়ে পড়ে আদৃত নিজেও এবং তাঁর পরিবারের সদস্যরা। কৃতি ছাত্রকে শুভেচ্ছা জানাতে তাঁর রায়গঞ্জের বাড়িতে ভিড় জমান প্রতিবেশীরা এবং শহরের বিশিষ্টজনেরা।
নিজের ফলাফল এবং অনুভূতি প্রসঙ্গে আদৃত বলে, “ভেবেছিলাম মেধা তালিকায় ১ থেকে ১০ এর মধ্যে থাকবে। কিন্তু ভাবতে পারিনি একেবারে প্রথম হব। এটা আমার কাছে অভাবনীয়।” তার এই অসাধারণ সাফল্যের পেছনে সারা বছরের কঠোর পরিশ্রমের ফল রয়েছে বলে সে মনে করে। একইসঙ্গে তার বিদ্যালয়ের শিক্ষকেরা যারা তাকে নিরন্তর সাপোর্ট করেছেন এবং পরিবারের সকলে যারা সবসময় পাশে ছিল, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে আদৃত।
আদৃতের বাবা অমিত সরকার কেন্দ্রীয় সরকারের প্রভিডেন্ট ফান্ড দপ্তরের প্রাক্তন কর্মী। ছেলের এই সাফল্যে তিনিও আজ অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।
ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করতে চায়, এই প্রশ্নের উত্তরে আদৃত জানিয়েছে, সে উচ্চমাধ্যমিকের জন্য রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তি হবে। তার দীর্ঘদিনের ইচ্ছা ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়া এবং একজন সফল ডাক্তার হওয়া। সেভাবেই সে নিজেকে প্রস্তুত করছে।
এদিন ফল ঘোষণার পর পরই রায়গঞ্জের কৃতী ছাত্র আদৃতকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে যান রায়গঞ্জ পুরসভার চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস, মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র সহ রায়গঞ্জ শহরের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা আদৃতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। আদৃতের এই সাফল্য রায়গঞ্জ শহর এবং উত্তর দিনাজপুর জেলার জন্য এক বড় গর্বের মুহূর্ত।