মাধ্যমিকের ফল প্রকাশ: রাজ্যে প্রথম রায়গঞ্জের অদৃত, প্রাপ্ত নম্বর ৬৯৬ !

অবশেষে শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর এই বছর মাধ্যমিকে সারা রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার। তার এই অভাবনীয় সাফল্যে খুশির হাওয়া তার পরিবার এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।

ফল প্রকাশের পর সংবাদমাধ্যমের কাছে নিজের প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে অদৃত জানায়, তার পড়াশোনার ক্ষেত্রে কোনও বাঁধা ধরা নিয়ম ছিল না। সে যখন পড়তে চাইত, তখনই মনোযোগ দিয়ে পড়ত। অদৃত বলে, “যখন পড়তে ইচ্ছা করত, তখন পড়াশোনা করতাম ৷ বাধাধরা তেমন কিছু ছিল না ৷”

রায়গঞ্জ শহরের বিননগর এলাকার বাসিন্দা অদৃত মাধ্যমিকে ৬৯৬ নম্বর পেয়েছে। ছেলের এই সাফল্যে স্বাভাবিকভাবেই আপ্লুত অদৃতের পরিবার। এদিন অদৃত তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানায়, “আপাতত আমার মেডিক্যাল নিয়ে পড়ার ইচ্ছা আছে ৷ আগামী দিনে যদি ভালো কোনও সুযোগ পাই, তাহলে সেই দিকেই যাব।”

অদৃতের এই সাফল্যে তার স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষকরাও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। শুক্রবার ফল প্রকাশের পর অদৃত আরও জানায়, সে এতটা ভালো ফল আশা করেনি। তার ধারণা ছিল প্রথম দশের মধ্যে সে স্থান পেতে পারে। এই সাফল্যের জন্য সে তার বাবা, মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং টিউশনের শিক্ষকদের পাশাপাশি বন্ধুদেরও ধন্যবাদ জানিয়েছে। অদৃতের এই কৃতিত্ব রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার শিক্ষাঙ্গনের জন্য এক নতুন মাইলফলক সৃষ্টি করল।